অর্থনীতি ডেস্ক | শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট | 87 বার পঠিত
সংগৃহীত ছবি
দেশের কৃষি খাতে নতুন মাত্রা আনতে কৃষিযন্ত্র, সবজি বিজ, সারের পর এবার কীটনাশক ওষুধ ও অ্যানিমেল হেলথ সংক্রান্ত সব ওষুধজাতীয় পণ্য আমদানি ও বাজারজাত করার উদ্যোগ নিয়েছে এসকিউ গ্রুপ।
বৃহস্পতিবার নবম বাপা ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপোতে অংশ নিয়ে এসব তথ্য জানান এসকিউ গ্রুপের চেয়ারম্যান এ জেড এম শফিউদ্দিন।
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী এ এক্সপোর উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
এক্সপো বা মেলায় সরেজমিন দেখা গেছে, মেলায় ৭নং হলে বড় পরিসরে স্টল নিয়ে বিভিন্ন উচ্চ ফলনশীল সবজি বীজ ও কৃষিযন্ত্র প্রদর্শন করছে প্রতিষ্ঠানটি।
শফিউদ্দিন বলেন, উৎপাদন বাড়াতে দেশের কোনো জমি যেন খালি না থাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনা বাস্তবায়নে সামনের সারিতে থেকে কৃষিখাতকে নেতৃত্ব দিতে চায় এসকিউ গ্রুপ। সেজন্য বিশ্বের সবচেয়ে উচ্চ ফলনশীল ও হাইব্রিড জাতের গুনগত মানসম্পন্ন কৃষি তথা সবজি বীজ আমদানি করে তা কৃষিখাতে সরবরাহ করা হচ্ছে। ইতিমধ্যে কৃষি উদ্যোক্তাদের মাঝে আস্থার জায়গা তৈরি করে নিয়েছে এসকিউর সবজি বীজ।
এসকিউ গ্রুপ ৩০ বছর ধরে সফলভাবে ইলেক্ট্রিক্যাল সরঞ্জাম উৎপাদন ও সরবরাহ করছে উল্লেখ করে তিনি বলেন, পণ্যের গুণগত মানের দিক থেকে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে সুনামের সঙ্গে ব্যবসা করছে। কৃষক পর্যায়ে গুণগত মানসম্পন্ন কৃষি উপকরণ সরবরাহের মাধ্যমে খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত ভূমিকা রাখছে এসকিউ গ্রুপ। সেই ধারাবাহিকতায় কৃষি প্রধান দেশ হিসেবে সরকারের কৃষি খাতকে এগিয়ে নেওয়ার যে প্রয়াস রয়েছে তার সহযাত্রী হিসাবে কাজ করছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে নিরাপদ খাদ্যও যাতে নিশ্চিত করা যায় সেজন্য এ ব্যবসার পরিধি বড় করা হয়েছে।
গ্রুপটির পরিচালক ও এসকিউ এগ্রিকালচারের ব্যবস্থাপনা পরিচাল মো. মাহবুবুর রহমান বলেন, কৃষি খাতে আধুনিক যান্ত্রিকীকরণ, উন্নত দেশে উৎপাদিত মিশ্র সার, উন্নত প্রজাতির বীজের মাধ্যমে কীভাবে উৎপাদনশীলতা বাড়ানো যায়, তা নিয়ে কাজ করছে এসকিউ গ্রুপ। এরই ধারাবাহিকতায় কৃষিপণ্য আমদানি নির্ভরশীলতা কমিয়ে দেশেই উন্নতজাতের বীজ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। সেজন্য বগুড়ায় একটি গবেষণা ও উন্নয়ন কেন্দ্র স্থাপন করছে এসকিউ গ্রুপ। সেখানে নিজস্ব মাঠে খুব অল্প সময়ের মধ্যেই হাইব্রিড ধান ও হাইব্রিড সবজি বীজ উৎপাদন করা হবে।
এছাড়াও পেস্টিসাইড বা বালাইনাশক পণ্য এবং অ্যানিমেল হেলথ সংক্রান্ত যাবতীয় ওষুধ জাতীয় পণ্যও বাজারজাত করবে এসকিউ এগ্রিকালচার। এসব ব্যবসা শুরু করার সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। শিগগিরই এসব পণ্য বাজারে পাবেন কৃষি খাতের উদ্যোক্তারা।
মেলামাঠে প্রতিষ্ঠানটির ডিজিএম আশফাক আহমেদ বলেন, জাপান, থাইল্যান্ড, ভারত, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশ থেকে উন্নতমানের কৃষিযন্ত্র, কীটনাশক পণ্য ও সবজি বীজের পাশাপাশি ভুট্টা বীজও আমদানি করে দেশের বাজারে সরবরাহ করা হয়।
মেলায় এসকিউ এগ্রিকালচারের জুমলায়ন কম্বাইন হারভেস্টার, নিউ হল্যান্ড ট্রাক্টর, ডেডং রাইস ট্রান্সপ্লান্টারসহ বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি প্রদর্শন করা হচ্ছে।
প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা জানান, বর্তমানে গ্রুপের ১৭ থেকে ১৮ ধরনের ব্যবসা রয়েছে। প্রায় পাঁচ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে গ্রুপটিতে। গ্রুপের পরিধি আরও বাড়াতেই ব্যবসায় বৈচিত্র্য আনছে তারা। সে লক্ষ্যেই বড় বিনিয়োগ করছে কৃষিবীজ খাতে। দেশের চাহিদার বেশিরভাগ সার আমদানি করতে হয়। এ আমদানি নির্ভরতা কমাতে এসকিউ গ্রুপ সার কারখানা নির্মাণের প্রস্তুতি নিয়েছে। এতে দেশের কৃষি খাতে সহজেই সার সরবরাহ করা সম্ভব হবে।
Posted ১২:০৪ অপরাহ্ণ | শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam