| মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫ | প্রিন্ট | 102 বার পঠিত
মালদ্বীপের ঐতিহ্য তুলে ধরেছে ম্যারিয়টের নতুন রিসোর্ট
বিলাসিতা ও দ্বীপজীবনের সৌন্দর্যের মিশেল নিয়ে মালদ্বীপে চালু হয়েছে জেডব্লিউ ম্যারিয়ট কাফু অ্যাটল। দেশটির ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র ২০ মিনিটের নৌযাত্রা শেষে সমুদ্রের মাঝে শান্ত জীবনের হাতছানি দেয় রিসোর্টটি। চলতি বছরের প্রথম দিকে কাফু অ্যাটল চালু হওয়া অবকাশ কেন্দ্রটির নকশা করেছেন তুর্কি স্থপতি কুনেইত বুকুলমেজ, যেখানে মালদ্বীপের ঐতিহ্যবাহী শিল্প ধারণার সঙ্গে পরিচিত হওয়া যায়। যার নিদর্শন হলো গেদোরু ধাঁচের কুঁড়েঘর, কাঁচা খেজুর পাতার ছাউনি, ফিরোজা রঙের দরজা ও সাদা-কালো ল্যাকার ফিনিশ। মালদ্বীপের একটি ঘোষিত লক্ষ্য হলো টেকসই পর্যটন। সে লক্ষ্যের সঙ্গে মানিয়ে তৈরি হয়েছে কাফু অ্যাটল রিসোর্টটি। জলবায়ুবিষয়ক প্রযুক্তি কোম্পানি ইনভেনা ও এমআইটির সহযোগিতায় এখানকার পানির নিচে তৈরি হয়েছে ৩০ মিটারের দীর্ঘ একটি কাঠামো। এটি দ্বীপের দিকে ছুটে আসা ঢেউয়ের গতি কমাতে, ভাঙন রোধ ও স্থানীয় সামুদ্রিক প্রাণীদের জন্য একটি কৃত্রিম রিফ গড়তে সাহায্য করেছে। রিসোর্টে রয়েছে ৮০টি ব্যক্তিগত পুল ভিলা, যার মধ্যে ৪৭টি পানির ওপর। রিসোর্টের প্রধান জেটিটি স্থানীয় জীবজন্তুর সৌন্দর্য থেকে অনুপ্রাণিত—বিশেষ করে মালদ্বীপের লোককথায় বর্ণিত মাকানা হেরন বা ধূসর বক রয়েছে এর নকশার কেন্দ্রে, যাকে প্রায়ই দ্বীপে ঘুরে বেড়াতে দেখা যায়। এখানে খাবার ও পানীয়ের ধরন অনুযায়ী রয়েছে বেশকিছু রেস্টুরেন্ট। এর মধ্যে ভেয়োর অন্যতম আকর্ষণ হলো ভূমধ্যসাগরীয় খাবার। রয়েছে ওয়াহু নামের ইনফিনিটি পুল বার, যেখানে অনেকের পছন্দ বিশাল লবস্টার রোল ও নারকেল চিংড়ি। দোতলা স্টেকহাউজ আথিরিতে পরিবেশন করা হয় প্রিমিয়াম মানের মাংস, সঙ্গে উপভোগ করা যায় সূর্যাস্তের মনোমুগ্ধকার দৃশ্য। রিসোর্টের ডাইভ সেন্টারে রয়েছে নানা ধরনের ওয়াটার স্পোর্টসের ব্যবস্থা; যেমন প্যাডেলবোর্ড, জেট স্কি ও কায়াক। স্নোরকেল করতে গিয়ে আদুরে নার্স শার্কের সঙ্গে সাঁতার কাটার অভিজ্ঞতাও জানিয়েছেন অনেক অতিথি। সব মিলিয়ে দ্বীপটির আশপাশের সামুদ্রিক জীববৈচিত্র্য যে কাউকে মুগ্ধ করবে, সে আকর্ষণও কাজে লাগানোর চেষ্টা করছে জেডব্লিউ ম্যারিয়ট। এছাড়া স্পা, স্কিনেকেয়ারসহ পরিবারবান্ধব বিভিন্ন পরিষেবা চালু রয়েছে এ রিসোর্টে।
Posted ৪:৩০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam