| রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 99 বার পঠিত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি রাশিয়ার বিরুদ্ধে আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত। তবে শর্ত হলো ন্যাটোভুক্ত দেশগুলোকে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে হবে। খবর বিবিসি।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল–এর এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘ন্যাটো দেশগুলো যখন ঐক্যবদ্ধ হয়ে একই কাজ করবে অর্থাৎ, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে, তখন আমি মস্কোর ওপর নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত।’
বারবারই মস্কোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুমকি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। ক্রেমলিনও সেইসব হুমকির সময়সীমা ও নিষেধাজ্ঞার উপেক্ষা করে যাচ্ছে। তবুও এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেননি ট্রাম্প।
এ পোস্টকে তিনি ন্যাটোর সব দেশ ও বিশ্বের উদ্দেশে লেখা এক খোলা চিঠি বলে উল্লেখ করেছেন। ট্রাম্প প্রস্তাব দিয়েছেন, ন্যাটো যেন একটি জোট হিসেবে চীনের ওপর ৫০ থেকে ১০০ শতাংশ শুল্ক আরোপ করে, যাতে রাশিয়ার ওপর চীনের অর্থনৈতিক প্রভাব দুর্বল হয়। ন্যাটো দেশগুলোর উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা যখন প্রস্তুত, আমিও প্রস্তুত। কেবল বলো, কবে?’
ট্রাম্প আরো লিখেছেন, যুদ্ধ জেতার জন্য ন্যাটোর প্রতিশ্রুতি ‘শতভাগেরও কম।’ তার ভাষায়, কিছু সদস্য দেশ এখনো রাশিয়ার তেল কিনছে, যা ‘আশ্চর্যজনক’। এসব দেশের উদ্দেশে তিনি বলেন, ‘এতে রাশিয়ার সঙ্গে আলোচনায় আপনারা যে অবস্থান ও দর-কষাকষির শক্তি পান, তা মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়ে।’
Posted ৭:১৯ পূর্বাহ্ণ | রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam