| শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 169 বার পঠিত
পদ্মা সেতুর সার্ভিস এরিয়ায় ৬ দশমিক শূন্য ৩ মেগাওয়াট-পিক ক্ষমতাসম্পন্ন রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি রাজধানীর সেতু ভবনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও ইস্ট কোস্ট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ওমেরা রিনিউএবল এনার্জি লিমিটেডের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রকল্পের আওতায় সার্ভিস এরিয়া-১, ২ এবং ৩ এর ছাদে সৌরবিদ্যুৎ সিস্টেম স্থাপন করা হবে। এ সিস্টেম থেকে প্রতি বছর প্রায় ৯ হাজার মেগাওয়াট-আওয়ার বিদ্যুৎ উৎপন্ন হবে। এতে বছরে আনুমানিক ৬ হাজার টন কার্বন ডাই অক্সাইড নির্গমন কমবে, যা প্রায় ২ লাখ ৫০ হাজার গাছ রোপণের সমতুল্য।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী ফেরদৌস আলম বলেন, নবায়নযোগ্য জ্বালানির এ উদ্যোগ পরিবেশবান্ধব প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে। এটি জাতীয় গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে সবুজ জ্বালানি ব্যবহারের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।
ওমেরা সোলারের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহিম বলেন, এ মাইলফলক প্রকল্পে অংশীদার হতে পেরে আমরা গর্বিত। আমরা দেশব্যাপী পরিচ্ছন্ন জ্বালানির প্রসার ঘটাতে প্রতিশ্রুতিবদ্ধ।
উল্লেখ্য, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ দেশের বড় সেতু, টানেল ও অবকাঠামো বাস্তবায়ন এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে। অন্যদিকে, ওমেরা রিনিউএবল এনার্জি লিমিটেড, ইস্ট কোস্ট গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশে সৌরবিদ্যুৎ সেবা প্রদানে কাজ করছে।
Posted ৫:২১ পূর্বাহ্ণ | শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam