| রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 75 বার পঠিত
ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের খেলাপি ঋণ ২০২৪ সালের ৩১ ডিসেম্বর শেষে ৮৩৯ কোটি ৫২ লাখ টাকায় দাঁড়িয়েছে। পাশাপাশি বড় অংকের সঞ্চিতি ঘাটতিতে রয়েছে প্রতিষ্ঠানটি। এ অবস্থায় ভবিষ্যতে এনবিএফআইটির টিকে থাকার বিষয়ে সংশয় প্রকাশ করেছেন নিরীক্ষক। জিএসপি ফাইন্যান্সের সর্বশেষ সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ বিষয়ে বিরূপ মতামত দিয়েছেন নিরীক্ষক। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
নিরীক্ষকের মতামত অনুসারে, ২০২৪ হিসাব বছরে জিএসপি ফাইন্যান্সের ঋণ ও অগ্রিমের বিপরীতে সংরক্ষিতব্য সঞ্চিতির পরিমাণ দাঁড়িয়েছে ৫১০ কোটি ৮১ লাখ টাকায়। এর মধ্যে প্রতিষ্ঠানটি ৩৩৬ কোটি ৫২ লাখ টাকার সঞ্চিতি সংরক্ষণ করেছে। এ সময়ে সঞ্চিতি ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১৭৪ কোটি ২৯ লাখ টাকায়। সঞ্চিতি ঘাটতি সমন্বয়ের জন্য প্রতিষ্ঠানটি কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে পাঁচ বছর সময় পেয়েছে।
জিএসপি ফাইন্যান্সের সাবসিডিয়ারি কোম্পানি জিএসপি ইনভেস্টমেন্টসের বিষয়ে নিরীক্ষক তার মতামতে জানিয়েছেন, সাবসিডিয়ারি কোম্পানিটির মার্জিন ঋণের পরিমাণ ২০২৪ সালের ডিসেম্বর শেষে ৩৮৬ কোটি ১৯ লাখ টাকায় দাঁড়িয়েছে। ২৫৪ জন ব্যক্তি বিনিয়োগকারীকে এ ঋণ দেয়া হয়েছে এবং এর পুরোটাই ঋণাত্মক ইকুইটি হয়ে গেছে। মার্জিন ঋণধারী অ্যাকাউন্টের বর্তমান বাজারমূল্য দাঁড়িয়েছে ২৩ কোটি ৪৮ লাখ টাকায়। এক্ষেত্রে বিনিয়োগের বিপরীতে ক্ষতির কারণে ৩৬২ কোটি ৭১ লাখ টাকা সঞ্চিতি সংরক্ষণের বাধ্যবাধকতা থাকলেও জিএসপি ইনভেস্টমেন্টস মাত্র ৬০ কোটি টাকার সঞ্চিতি সংরক্ষণ করেছে। ৩০২ কোটি ৭০ লাখ টাকা সঞ্চিতি ঘাটতির কারণে সাবসিডিয়ারি কোম্পানিটির ইকুইটির অতিমূল্যায়ন এবং লোকসানের অবমূল্যায়ন হয়েছে বলে জানিয়েছেন নিরীক্ষক।
Posted ৬:৫৩ পূর্বাহ্ণ | রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam