| সোমবার, ২০ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 98 বার পঠিত
চীনে এমন একটি পাইলটবিহীন ফ্লাইং ট্যাক্সি চালু হয়েছে, যা এক চার্জে ১০০ মাইলেরও বেশি দূরত্ব অতিক্রমে সক্ষম। দেশটির আনহুই প্রদেশের হেফেইতে ভিটি৩৫ নামের এ উড়ুক্কু যানের অভিষেক ঘটেছে । এর দাম রাখা হয়েছে ৯ লাখ ১৩ হাজার ডলার। দীর্ঘ দূরত্ব অতিক্রমে সক্ষম ও পাইলটবিহীন ইলেকট্রিক ভ্যার্টিকাল টেকঅফ অ্যান্ড ল্যান্ডিং (ইভিটিওএল) আকাশযান নিয়ে অনেক দিন ধরে কাজ করছে ইহাং হোল্ডিংস। সে প্রকল্পের অংশ হিসেবে নতুন ট্যাক্সিটি বাজারে এসেছে। কোম্পানিটি বলছে, আন্তঃশহর আকাশযাত্রা যাতে নিরাপদ, নিয়মিত ও কার্যকরী অভিজ্ঞতা দেয়, সে সম্ভাবনা সামনে রেখে নকশা করা হয়েছে উড়াল এ ট্যাক্সির। দুই সিটের আকাশযানটিতে রয়েছে স্বয়ংক্রিয় ফ্লাইট সিস্টেম, বিদ্যুচ্চালিত প্রপালশন ও একটি কমপ্যাক্ট এয়ারফ্রেম, যা শহুরে পরিবেশে আকাশযাত্রাকে নিরাপদ ও কার্যকর করতে সক্ষম। এর আটটি লিফট প্রপেলার উল্লম্ব টেকঅফ ও ল্যান্ডিং সম্ভব করে তোলে। অর্থাৎ এটি ছাদ, পার্কিং লট বা অন্যান্য স্থাপনার ওপর সহজে অবতরণে সক্ষম। আকাশযানটির কেবিন চামড়ায় মোড়ানো, যেখানে একটি টাচস্ক্রিন ইন্টারফেস রয়েছে। এটি ড্যাশবোর্ড ও বিনোদন পরিষেবা পেতে ব্যবহার হয়। ইহাংয়ের প্রতিষ্ঠাতা ও সিইও হুয়াঝি হু বলেন, ‘পাইলটবিহীন ইভিটিওএল প্রযুক্তিতে অগ্রগণ্য ভূমিকায় রয়েছে ইহাং। উড়ন্ত যানটির পারফরম্যান্স পরিমার্জন ও অ্যাপ্লিকেশন সম্প্রসারণে ক্রমাগত কাজ করে আসছে প্রতিষ্ঠানটি। কম উচ্চতায় যাত্রীদের নিরাপদ, বুদ্ধিমত্তাসম্পন্ন ও সহজে পরিষেবা পাওয়া যায় এমন পরিবহন সমাধান দেয়া আমাদের লক্ষ্য। এ প্রযুক্তি বিশ্বব্যাপী বেসামরিক উড়োজাহাজের ভবিষ্যৎকে পরিবেশবান্ধব লক্ষ্যের দিকে নিয়ে যাবে।’ অবশ্য চীনের বাইরে এ ফ্লাইং ট্যাক্সি কবে চালু হবে সে বিষয়ে কোনো তথ্য দেয়নি ইহাং। খবর ও ছবি ফক্স বিজনেস
Posted ৭:০১ পূর্বাহ্ণ | সোমবার, ২০ অক্টোবর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam