| সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 107 বার পঠিত
ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে দেশের বাজারে স্বর্ণের দামে উল্লেখযোগ্য হ্রাস দেখা গেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে নতুন দাম ঘোষণা করেছে। এর ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বাজুস। সংস্থাটির নির্ধারিত এই মূল্য কাঠামো অনুযায়ী আজ সোমবার (১৩ এপ্রিল) পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের বিক্রয় মূল্য অপরিবর্তিত থাকবে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনা করে নতুন দর নির্ধারণ করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই নির্ধারিত দাম কার্যকর থাকবে। তবে বিক্রয়ের ক্ষেত্রে ক্রেতাদের কাছ থেকে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট আদায় করে তা সরকারি কোষাগারে জমা দিতে হবে।
নতুন মূল্য অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। একইভাবে ২১ ক্যারেট স্বর্ণের ভরি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭২০ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ লাখ ২ হাজার ৮৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৫ হাজার ৩৮৬ টাকা।
এর আগে বুধবার স্বর্ণের দামে ভরিতে সর্বোচ্চ ৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত বৃদ্ধি দেখা গিয়েছিল। তবে সর্বশেষ সমন্বয়ে বাজারে বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে।
Posted ৭:৫৫ পূর্বাহ্ণ | সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
bankbimarkhobor.com | Mr. Islam