| মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ | প্রিন্ট | 98 বার পঠিত
চিকিৎসা নিতে প্রথমবারের মতো চীনে ১৪ বাংলাদেশী
বাংলাদেশ থেকে প্রথমবারের মতো চীনের হাসপাতালে চিকিৎসা নিতে গেছেন ১৪ জন রোগী। এর মাধ্যমে বাংলাদেশী রোগীদের জন্য চীনে চিকিৎসার নতুন দুয়ার খুলেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
গতকাল দুপুরের দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিআইপি গেট দিয়ে প্রবেশ করেন এবং চীনের কুনমিংয়ের উদ্দেশে রওনা করেন রোগীরা।

রোগীদের স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত হন চীনের রাষ্ট্রদূত ইয়ান ওয়েন। এ সময় বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র সচিব বলেন, ‘চীনে বাংলাদেশের রোগীরা চিকিৎসা নিতে যাচ্ছেন, এটা খুবই ভালো উদ্যোগ। এ উদ্যোগের মধ্য দিয়ে বাংলাদেশী রোগীরা খুব সহজেই চিকিৎসা সেবা নিতে পারবেন। চলতি বছর বাংলাদেশ ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি হচ্ছে। ফলে দুই দেশের জনগণের মধ্যে আমরা সম্পর্ক আরো বাড়াতে আগ্রহী। কুনমিংয়ে চিকিৎসা সেবা নেয়ার মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরো বৃদ্ধি পাবে।’
চীনের রাষ্ট্রদূত জানান, মেডিকেল চেকআপ ও চিকিৎসার জন্য বাংলাদেশী রোগীদের প্রথম ব্যাচ চীন যাচ্ছে। এখানে মোট ৩১ সদস্য আছেন। তাদের মধ্যে ১৪ জন রোগী, ৬ জন পরিবারের সদস্য, ৫ জন চিকিৎসক, ৫ এইচইউসি প্রতিনিধি এবং সাংবাদিক আছেন।
ইয়াং ওয়েন বলেন, ‘চীন রোগীদের সক্ষমতা ও প্রয়োজনীয়তা অনুযায়ী একাধিক স্কিম রেখেছে। এরই মধ্যে ভিসা প্রসেস সহজ করা হয়েছে এবং চাইনিজ এয়ারলাইনস রোগীদের সুবিধার্থে স্বল্পমূল্যে প্লেনের টিকিটের ব্যবস্থা করছে। চীন সরকার বাংলাদেশের প্রয়োজনীয়তা অনুযায়ী চারটি হাসপাতাল ডেডিকেট করেছে। সব হাসপাতালে প্রশিক্ষিত চিকিৎসক-স্বাস্থ্যকর্মী, উন্নত প্রযুক্তির মাধ্যমে উচ্চমানের স্বাস্থ্যসেবার সব ব্যবস্থা করা হয়েছে।’
Posted ৪:১৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam