| বুধবার, ০৭ মে ২০২৫ | প্রিন্ট | 103 বার পঠিত
ওয়েলিংটন বিমানবন্দর ছাড়ছে বিখ্যাত ঈগল ভাস্কর্য
এক দশকের বেশি সময় নিউজিল্যান্ডের ওয়েলিংটন বিমানবন্দরের যাত্রীরা বিশাল আকৃতির দুটি ঈগলের মূর্তি দেখে আসছে। এবার পরিচিত সে দৃশ্যপট বা নীড় থেকে পাখি দুটি বিদায় নিচ্ছে। ‘দ্য হবিট’ ও ‘দ্য লর্ড অব দ্য রিংস’ চলচ্চিত্র থেকে অনুপ্রাণিত ভাসমান ভাস্কর্য দুটি আগামী শুক্রবার চূড়ান্তভাবে সরিয়ে ফেলা হবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। ১২ বছর আগে স্থাপিত দুটি ঈগলের মধ্যে একটির পিঠে গ্যান্ডালফের একটি ভাস্কর্য ছিল, যা দ্য লর্ড অব দ্য রিংসের অতি পরিচিত চরিত্র। পিটার জ্যাকসনের দ্য হবিট সিনেমার ট্রিলজি মুক্তির সময় এগুলো বসানো হয়েছিল। চলচ্চিত্রটির শুটিং হয়েছে নিউজিল্যান্ডে। এর পর থেকে নিউজিল্যান্ড যেন লেখক জেআরআর টলকিনের কল্পনার জগৎ মিডল আর্থের প্রতিরূপ হয়ে ওঠে। চলচ্চিত্রের মনোমুগ্ধকর জায়গাগুলো দেখতে প্রতি বছরই হাজারো পর্যটক ভিড় করে দেশটিতে। সেখানে ঈগল ভাস্কর্য দুটিও দর্শনার্থীদের মনোযোগ কাড়ে। এ ভাস্কর্য তৈরি করেছিল ওয়েটা ওয়ার্কশপ। ক্রিয়েটিভ ডিজাইন স্টুডিওটি দ্য হবিট ও দ্য লর্ড অব দ্য রিংস সিনেমার প্রপস ও ভিজুয়াল ইফেক্ট নকশা করেছিল। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিটি ভাস্কর্যের ওজন ১ দশমিক ২ টন, ডানার বিস্তৃতি ১৫ মিটার বা ৪৯ ফুট। ইস্পাতের অভ্যন্তরীণ কাঠামো, পলিস্টাইরিনের শরীর ও প্রায় এক হাজার পালক দিয়ে তৈরি ভাস্কর্য দুটির সবচেয়ে দীর্ঘ পালকটির দৈর্ঘ্য ২ দশমিক ৪ মিটার বা ৮ ফুট। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সরিয়ে ফেলার পর ভাস্কর্য দুটি সংরক্ষণ করা হবে। তবে এগুলোর ভবিষ্যৎ নিয়ে এখনো কোনো দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত নেয়া হয়নি। বিমানবন্দরের প্রধান নির্বাহী ম্যাট ক্লার্ক বলছেন, ‘ভাস্কর্যগুলো বিশ্বজুড়ে অভূতপূর্ব সাড়া পেয়েছিল, তাই বিদায়টা আমাদের জন্য আবেগপূর্ণ। ভ্রমণকারীরা এত বছর ধরে এগুলো মুগ্ধ হয়ে দেখেছেন। এক যুগ পর এগুলোর “নীড় ছাড়ার” উপযুক্ত সময় এসেছে।
Posted ৪:৩১ পূর্বাহ্ণ | বুধবার, ০৭ মে ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam