| বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 114 বার পঠিত
বিনিয়োগ ভবনের ছাদে ১৫০ কিলোওয়াট পিক ক্ষমতাসম্পন্ন একটি সোলার সিস্টেম স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেডের মধ্যে সৌর বিদ্যুৎ উৎপাদন, পরিচালনা ও সংরক্ষণবিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। বিশেষ অতিথি ছিলেন ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক শামীম আহমেদ। অনুষ্ঠানে বিডার পরিচালক মো. মারুফুল আলম ও ডেসকোর কোম্পানি সচিব প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় বিডা ভবনের ছাদে ৯ হাজার ১০৫ বর্গফুট এলাকাজুড়ে ১৫০ কিলোওয়াট পিক ক্ষমতাসম্পন্ন একটি সোলার সিস্টেম স্থাপন করা হবে। প্রকল্পটি বাস্তবায়ন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করবে ডেসকো। ২০ বছরের মেয়াদে বাস্তবায়িত এ প্রকল্পে প্রায় ৮৯ লাখ টাকা ব্যয় করা হবে। মেয়াদকালে রক্ষণাবেক্ষণ ও প্রতিস্থাপন বাবদ ব্যয় ধরা হয়েছে প্রায় ৮৭ লাখ টাকা।
এ প্রকল্প থেকে ২০ বছরে আনুমানিক ২৮ লাখ ৫০ হাজার ইউনিট বিদ্যুৎ উৎপাদিত হবে, যার অর্থমূল্য প্রায় ২ কোটি ৯৯ লাখ টাকা। উৎপাদিত বিদ্যুতের ৯০ শতাংশ ব্যবহার করবে ডেসকো, অবশিষ্ট ১০ শতাংশের মূল্য বিডাকে দেয়া হবে। পাশাপাশি অর্জিত কার্বন ক্রেডিট সমানভাবে উভয় প্রতিষ্ঠানের মধ্যে ভাগ হবে।
প্রকল্পের কাজ ১ অক্টোবর টেন্ডার আহ্বানের মাধ্যমে শুরু হবে। ২০২৬ সালের ৩১ জানুয়ারি উৎপাদন শুরুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সভাপতির বক্তব্যে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘এ প্রকল্পটি সরকারি দপ্তরের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে, যা ভবিষ্যতে অন্যান্য প্রতিষ্ঠানের জন্যও মডেল হিসেবে কাজ করবে।’
Posted ৯:০১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam