| সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 83 বার পঠিত
দেশের পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে সম্প্রতি সূচক ও লেনদেন দুটোই কমেছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক কমেছে ১ দশমিক ২৫ শতাংশ। দেশের আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক কমলেও লেনদেন কিছুটা বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়,সম্প্রতি লেনদেন শুরুর প্রথম ১৬ মিনিট সূচক ঊর্ধ্বমুখী ছিল। এর পর থেকে শেয়ার বিক্রির চাপে পয়েন্ট হারায় সূচক। দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স ৬৮ দশমিক শূন্য ৮ পয়েন্ট কমে ৫ হাজার ৩৮২ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ৪৫০ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ২৩ দশমিক ৭০ পয়েন্ট কমে ২ হাজার ৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২ হাজার ১০৭ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস এদিন ১৯ দশমিক ২৪ পয়েন্ট কমে ১ হাজার ১৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ১৭৮ পয়েন্ট।
ডিএসইতে সম্প্রতি ৬২১ কোটি ৪৯ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৬৫৪ কোটি ৭২ লাখ টাকা।সম্প্রতি এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩৯৬টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ৩৯টির, কমেছে ৩০৭টির আর অপরিবর্তিত ছিল ৫০টির বাজারদর।
বাজার বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগকারীদের দুর্বল মনোভাবের কারণে দিনভর শেয়ার বিক্রির চাপ অব্যাহত ছিল। এছাড়া বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানের কারণে বাজারে অংশগ্রহণও তুলনামূলক কম। এ কারণে সূচকে নিম্নমুখিতা দেখা গেছে।
Posted ৪:৩৫ পূর্বাহ্ণ | সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam