| শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 109 বার পঠিত
বস্ত্র খাতে তালিকাভুক্ত এনভয় টেক্সটাইলস লিমিটেডের সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে নিট মুনাফা বেড়েছে ২ দশমিক ৩৫ গুণ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির এক মূল্যসংবেদনশীল তথ্যের মাধ্যমে বিষয়টি জানা গেছে।
তথ্যানুসারে সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে এনভয় টেক্সটাইলসের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৪০ কোটি ৮৯ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৬০ কোটি ৩ লাখ ৯০ হাজার টাকা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৪০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৫৮ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৮ টাকা ৩২ পয়সায়।
এদিকে ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ৬ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। সভাটি রাজধানীর গুলশান শুটিং ক্লাবে অনুষ্ঠিত হবে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ অক্টোবর।
সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে এনভয় টেক্সটাইলসের ইপিএস হয়েছে ৩ টাকা ৫৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৯৫ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৫১ টাকা ৯৩ পয়সায়।
সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে এনভয় টেক্সটাইলসের ইপিএস হয়েছে ১ টাকা ৯৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৯৯ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৮ টাকা ৫৭ পয়সায়।
Posted ৫:০৩ পূর্বাহ্ণ | শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam