| বুধবার, ২২ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 153 বার পঠিত
জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন সানায়ে তাকাইচি। জাপানে ভোটাভুটিতে শাসক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) এ নারী প্রার্থী নিম্ন ও উচ্চ—দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। তিনি নিম্নকক্ষে ২৩৭ ও উচ্চকক্ষে পেয়েছেন ১২৫ ভোট।
জাপানের ‘আয়রন লেডি’ হিসেবে পরিচিত তাকাইচি সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের ঘনিষ্ঠ অনুসারী এবং তার মতোই দৃঢ় রক্ষণশীল ভাবধারার রাজনীতিক হিসেবে পরিচিত। তিনি সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারেরও ভক্ত। শেষ মুহূর্তের এক কোয়ালিশন চুক্তির মাধ্যমে তাকাইচিকে পার্লামেন্টে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়। তিনি অবশ্য গত পাঁচ বছরে জাপানের পঞ্চম প্রধানমন্ত্রী।
বিশ্লেষকদের মতে, সানায়ে তাকাইচির এ উত্থান নারীবাদের কোনো বিজয় নয়, বরং ৬৪ বছর বয়সী এ নেত্রী চলতি মাসে ক্ষমতাসীন এলডিপির নেতৃত্বে এসেছেন। তিনি নিজেকে প্রতিরক্ষা ও অর্থনৈতিক নিরাপত্তাকেন্দ্রিক কঠোর অবস্থানের রাজনীতিক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
মুদ্রাস্ফীতি ও সম্প্রতি ঘুস কেলেঙ্কারির কারণে ভোটাররা এলডিপি থেকে মুখ ফিরিয়ে নেন। অন্যদিকে জনপ্রিয়তা বাড়ছে অভিবাসনবিরোধী দল সানসেইতোর। এ অবস্থায় হারানো সমর্থন পুনরুদ্ধারের চেষ্টায় তাকাইচি অভিবাসন ও বিদেশী পর্যটন বিষয়ে কঠোর অবস্থান নিয়েছেন, যা এলডিপির নেতৃত্ব নির্বাচনে বড় বিতর্কের বিষয় ছিল।
Posted ৯:৩২ পূর্বাহ্ণ | বুধবার, ২২ অক্টোবর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam