| রবিবার, ১২ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 64 বার পঠিত
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান উত্তেজনা ও বিরোধ একমাত্র বৈঠকে সমাধান হয়ে শান্তিচুক্তিতে পৌঁছানো সম্ভব—এমন ধারণা বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি বলেন, এমন প্রত্যাশা শুধু সাধারণ জনগণের নয়, বরং আলোচনায় অংশ নেওয়া কোনো পক্ষের মধ্যেই ছিল না।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত মার্কিন ও ইরানি প্রতিনিধিদের বৈঠক কোনো চূড়ান্ত ফল ছাড়াই শেষ হওয়ার পর রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আরআরআইবিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
ইসমাইল বাঘাই বলেন, দীর্ঘ সময় ধরে চলা আস্থাহীনতা ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে শুরু থেকেই এক বৈঠকে কোনো সমঝোতায় পৌঁছানো বাস্তবসম্মত ছিল না। তার ভাষায়, “শুধু আমরা নই, কেউই আশা করেনি যে এক বৈঠকের মাধ্যমে এত জটিল একটি ইস্যুর সমাধান হয়ে যাবে।”
তিনি আরও উল্লেখ করেন, অতীতের ৪০ দিনের সংঘাতপূর্ণ পরিস্থিতি এবং পারস্পরিক অবিশ্বাসের পরিবেশে এই আলোচনা শুরু হওয়ায় ফলাফল পাওয়া কঠিন ছিল। তাই এক বৈঠকে চুক্তিতে পৌঁছানোর প্রত্যাশা ছিল অবাস্তব।
তবে তিনি আশা প্রকাশ করে বলেন, ইরান পাকিস্তানসহ আঞ্চলিক অন্যান্য অংশীদারের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখবে এবং ভবিষ্যতে আলোচনার মাধ্যমে অগ্রগতি সম্ভব হতে পারে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বাঘাই বলেন, এই কূটনৈতিক প্রক্রিয়ার সফলতা নির্ভর করছে প্রতিপক্ষের আন্তরিকতা ও সদিচ্ছার ওপর। পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, অতিরিক্ত ও অযৌক্তিক শর্ত আরোপ থেকে বিরত থাকা এবং ইরানের বৈধ অধিকার ও স্বার্থকে সম্মান জানানো জরুরি।
উল্লেখ্য, “ইসলামাবাদ টকস” শিরোনামে পাকিস্তানের রাজধানীতে শুরু হওয়া এই বৈঠকটি শনিবার বিকাল থেকে রোববার পর্যন্ত চলে। দীর্ঘ প্রায় ২১ ঘণ্টার আলোচনার পরও কোনো সমঝোতা বা চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, আলোচনায় গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে অগ্রগতি হলেও চূড়ান্ত কোনো চুক্তি হয়নি।
Posted ৯:৩৮ পূর্বাহ্ণ | রবিবার, ১২ এপ্রিল ২০২৬
bankbimarkhobor.com | Mr. Islam