| বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ | প্রিন্ট | 26 বার পঠিত
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদের নির্বাচনে প্রত্যাশিত ফল অর্জন করতে না পারার জন্য রাশিয়াকে দায়ী করেছে জার্মানি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডেফুলের দাবি, ইউক্রেনের প্রতি জার্মানির দৃঢ় সমর্থন এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে বার্লিনের স্পষ্ট অবস্থানের কারণে রাশিয়া পরোক্ষভাবে দেশটির বিরুদ্ধে নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা করেছে, যা ভোটের ফলাফলে প্রভাব ফেলতে পারে। বুধবার অনুষ্ঠিত নির্বাচনে পশ্চিম ইউরোপ ও অন্যান্য দেশের গ্রুপের জন্য নির্ধারিত দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জার্মানি প্রয়োজনীয় সমর্থন পায়নি; বরং পর্তুগাল ও অস্ট্রিয়া নির্বাচিত হয়। ভাডেফুল এই ফলাফলকে ‘তিক্ত পরাজয়’ হিসেবে উল্লেখ করে বলেন, ইউক্রেনের প্রতি জার্মানির সমর্থন রাশিয়ার কাছে অস্বস্তিকর এবং নিরাপত্তা পরিষদে এমন একটি কণ্ঠস্বর দেখতে মস্কো আগ্রহী ছিল না। একই সঙ্গে তিনি মধ্যপ্রাচ্য ইস্যুতে ইসরাইলের প্রতি জার্মানির বিশেষ দায়িত্ববোধ এবং নির্বাচনী প্রচারণায় তুলনামূলক দেরিতে অংশ নেওয়ার বিষয়টিকেও ফলাফলের সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করেন। তবে এ বিষয়ে রাশিয়া এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি। নির্বাচনে জার্মানি ১০৪ ভোট পেলেও পর্তুগাল ও অস্ট্রিয়া যথাক্রমে ১৩৪ ও ১৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়। এই ফলাফলকে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেরৎসের পররাষ্ট্রনীতির জন্যও একটি ধাক্কা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। যদিও মেরৎস বলেছেন, নিরাপত্তা পরিষদে নির্বাচিত না হলেও আন্তর্জাতিক সহযোগিতা, বহুপাক্ষিকতা এবং নিয়মভিত্তিক বৈশ্বিক ব্যবস্থার প্রতি জার্মানির অঙ্গীকার অব্যাহত থাকবে।
Posted ৬:৫৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
bankbimarkhobor.com | Mr. Islam