অর্থনীতি ডেস্ক | বুধবার, ০১ নভেম্বর ২০২৩ | প্রিন্ট | 154 বার পঠিত
সংগৃহীত ছবি
ডলার সংকটের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যে রয়েছে ধীরগতি। এমন অবস্থায় চলতি অর্থবছরে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। এখন নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি হলে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ক্ষতিগ্রস্ত হতে পারে।
গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম এ কথা বলেন। মাসব্যাপী আয়কর তথ্যসেবা মাস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের এনবিআর সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, এটা নির্বাচনের বছর। নির্বাচনের বছরে ডলারেরও সংকট চলছে। আমদানি কমে গেছে, ব্যবসার গতি কমে গেছে। এমন পরিস্থিতিতে লক্ষ্যমাত্রা অনুসারে রাজস্ব আয় করা অনেক বড় চ্যালেঞ্জ। সেই সঙ্গে দেশে এখন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হলে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ক্ষতিগ্রস্ত হতেই পারে।
আজ থেকে করসেবা মাস শুরু
সংবাদ সম্মেলনে জানানো হয়, করদাতাদের করসেবা দিতে আজ বুধবার থেকে শুরু হবে মাসব্যাপী আয়কর তথ্যসেবা মাস। এনবিআরের প্রতিটি কর সার্কেল ও আঞ্চলিক কার্যালয়ে এ সেবা দেওয়া হবে। এ প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান বলেন, গত কয়েক বছরের মতো এবারও আয়কর মেলা হবে না। তবে নভেম্বর মাসজুড়ে দেশের প্রতিটি কর অঞ্চলে মেলার আদলে সেবা দেওয়া হবে। করদাতারা নিজেদের কর অঞ্চলে গিয়ে বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দিতে পারবেন। এ ছাড়া ই-পেমেন্টের মাধ্যমে করদাতারা আয়কর পরিশোধ করতে পারবেন।
করোনা অতিমারি শুরু হওয়ার আগ পর্যন্ত প্রতিবছর সারাদেশে কর মেলার আয়োজন করা হতো; কিন্তু করোনা শুরুর পর জনসমাগমে বিধিনিষেধ থাকায় তা বন্ধ হয়ে যায়। আইন অনুযায়ী, আগামী ৩০ নভেম্বর ব্যক্তি শ্রেণির করদাতাদের রিটার্ন জমার শেষ দিন।
এনবিআর সূত্রে জানা গেছে, আজ বুধবার থেকে প্রতিটি কর অঞ্চলে রিটার্ন জমার যাবতীয় করসেবা পাবেন করদাতারা। দেশের ৩১টি কর অঞ্চলের ৬৪৯টি সার্কেল কার্যালয়ে করসেবা দেওয়া হবে। সেখানে রিটার্ন জমার পাশাপাশি রিটার্ন ফরম পূরণেও সহায়তা করা হবে করদাতাদের। রিটার্ন জমার সঙ্গে সঙ্গে করদাতারা তাৎক্ষণিকভাবে রিটার্ন জমার প্রাপ্তি স্বীকারপত্র পাবেন। এ ছাড়া ই-রিটার্ন জমা দিতে আগ্রহী করদাতাদের জন্য আলাদা বুথ থাকবে। কেউ যদি ই-টিআইএন নিতে চান, তাও নিতে পারবেন। এ ছাড়া নতুন আয়কর সম্পর্কে যে কোনো তথ্য দিয়ে সহায়তা করার জন্য থাকবে তথ্যকেন্দ্র। বাংলাদেশ সচিবালয়, অফিসার্স ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয়, পরিকল্পনা কমিশন ও ঢাকা সেনানিবাসের সেনা মালঞ্চে বুথ বসিয়ে আয়কর সেবা দেওয়া হবে।
Posted ১:১১ অপরাহ্ণ | বুধবার, ০১ নভেম্বর ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam