| শনিবার, ১৯ আগস্ট ২০২৩ | প্রিন্ট | 61 বার পঠিত
সংগৃহীত ছবি
মাত্র ১৯ বছর বয়সের মেয়েটি বিশ্বকাপে স্পেনের স্বপ্নসারথি হয়ে উঠেছেন। নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে দলকে জিতিয়েছেন তিনি, এর পর সুইডেনের বিপক্ষে সেমিতেও তাঁর গোলেই প্রথম এগিয়ে গিয়েছিল স্প্যানিশরা। ইংল্যান্ডের বিপক্ষে রোববারের ফাইনালেও এই সালমা পারায়উয়েলোই স্পেনের ভরসা। এই কিশোরীও স্বপ্ন দেখছেন ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিয়ে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার।
‘লা রোজা’দের জন্য সিডনির ফাইনাল প্রতিশোধেরও মিশন। গত বছর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের দ্বারপ্রান্তে গিয়েও হারের যন্ত্রণা নিয়ে ফিরতে হয়েছিল তাদের। খেলার একেবারে অন্তিম সময়ে সমতা ফেরানোর পর অতিরিক্ত সময়ে গোল করে জিতে গিয়েছিল ইংল্যান্ড। বিশ্বকাপেও তেমন কিছুর শঙ্কা ঘিরে ধরেছিল স্পেনকে।
তবে নকআউট পর্বে একের পর এক গোল করে দলকে ফাইনালে তুলতে ভূমিকা রাখলেও গ্রুপ পর্বে কিন্তু ছন্দে ছিলেন না সালমা। বিশ্বকাপের শুরুতে ভালো খেলতে না পারায় স্পেনের প্রথম একাদশ থেকে বাদ পড়েছিলেন তিনি। তবে সাইড বেঞ্চ থেকে উঠে এসে ডাচদের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে জাদু দেখান তিনি। এর পর সেমিতেও রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা।
সতীর্থরা তাকে ‘উসাইন বোল্ট’ নামে ডাকেন। দুরন্ত গতির জন্যই তাঁর এই ডাক নাম। এই গতি দিয়েই ইংল্যান্ডকে কুপোকাত করতে চান তিনি। সে সঙ্গে পায়ে বল রাখায় ও দূরপাল্লার শটেও ভীষণ দক্ষ তিনি। ক্লাব ফুটবলে তিনি বার্সেলোনায় খেলেন। ক্লাবের খেলার স্টাইলের কারণেই তিনি বল ধরে রেখে খেলতে অভ্যস্ত। উইং ধরে চিতার গতিতে এগিয়ে যাওয়া তাঁর ট্রেডমার্ক। এই গতি দিয়েই ইংল্যান্ডকে হারাতে চান সালমা।
Posted ৩:৩০ অপরাহ্ণ | শনিবার, ১৯ আগস্ট ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam