অর্থনীতি ডেস্ক | সোমবার, ২৮ আগস্ট ২০২৩ | প্রিন্ট | 89 বার পঠিত
সংগৃহীত ছবি
বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) আয়োজিত বাণিজ্য কূটনীতি এবং আন্তর্জাতিক বাণিজ্য নেগোসিয়েশন বিষয়ে চার দিনের প্রশিক্ষণ কর্মশালা গত শনিবার শুরু হয়েছে। এর উদ্বোধন করেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) প্রেসিডেন্ট ও বিএফটিআইর পরিচালনা পর্ষদ সদস্য মো. সাইফুল ইসলাম। বিএফটিআইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিএফটিআইর সম্মেলন কক্ষে উদ্বোধন অনুষ্ঠানে সাইফুল ইসলাম বলেন, বাংলাদেশে বেসরকারি খাত গুরুত্বপূর্ণ অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বিজয়ের ৫০ বছরে দেশের অর্থনীতির সবচেয়ে বড় অর্জন একটি শক্তিশালী বেসরকারি খাত। সরকারি নীতি-সহায়তার ওপর দাঁড়িয়ে গড়ে ওঠা এই বেসরকারি খাতের উদ্যোগেই অব্যাহত রয়েছে অর্থনীতির অগ্রযাত্রা। তিনি আরও বলেন, সম্ভাবনাময় দেশের সঙ্গে ফলপ্রসূ বাণিজ্য চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে বাণিজ্য কূটনীতি ও নেগোসিয়েশনের সঙ্গে সংশ্লিষ্ট অংশীজনের দক্ষতা বাড়ানোর বিকল্প নেই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএফটিআইর প্রধান নির্বাহী কর্মকর্তা ও বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ড. মো. জাফর উদ্দীন। প্রশিক্ষণে অংশ নিচ্ছেন বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর, ব্যবসায়ী সংগঠন, আমদানিকারক ও রপ্তানিকারক প্রতিষ্ঠানের ২৬ জন কর্মকর্তা। বিএফটিআইর পরিচালক ওবায়দুল আজম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।
Posted ১২:০২ অপরাহ্ণ | সোমবার, ২৮ আগস্ট ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam