ব্যাংকের খবর ডেস্ক | মঙ্গলবার, ২৩ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট | 112 বার পঠিত
সংগৃহীত ছবি
যমুনা নদীর তীর সুরক্ষা এবং গভীরতা বাড়িয়ে তীরবর্তী বাসিন্দাদের বাস্তুচ্যুতি ঠেকাতে এবং তাদের জীবিকার সুরক্ষা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে উৎসাহ যোগাতে ১০ কোটি ২০ লাখ ডলার সহায়তা দিচ্ছে বিশ্ব ব্যাংক।
‘যমুনা নদীর টেকসই ব্যবস্থাপনা প্রকল্প ১’ এর আওতায় মঙ্গলবার এই তহবিল অনুমোদন দেওয়ার খবর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিশ্ব ব্যাংকের ঢাকা অফিস।
এই অর্থে যমুনা নদীর নৌ চলাচলের চ্যানেলগুলো গভীর করা হবে, যাতে সারা বছর বড় কার্গো জাহাজগুলো চলাচল করতে পারে। অভ্যন্তরীণ নৌ পরিবহন ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করতে এবং ব্যবসা ও আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধিতে এটি সহায়ক হবে।
এছাড়া নদীভাঙন ও বন্যা থেকে প্রায় ২৫ হাজার হেক্টর জমি রক্ষা, স্থানীয় জনগণের জীবন-জীবিকা ও সম্পদের সুরক্ষা এবং নতুন অর্থনৈতিক সুযোগ তৈরিতে সাহায্য করবে এই তহবিল।
বাংলাদেশ ও ভুটানে বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদোলায়ে সেক বলেন, “যমুনা পৃথিবীর অন্যতম বৃহত্তম ও খরস্রোতা নদী। লাখ লাখ মানুষ এর ওপর নির্ভর করে। জলবায়ু পরিবর্তনের ফলে প্রকট হওয়া নদী ক্ষয়, পানির উচ্চতা বৃদ্ধি প্রতি বছর হাজারো মানুষকে বাস্তুচ্যুত করছে, যা তাদের ঠেলে দিচ্ছে দারিদ্র্যের দিকে।
“এই নদীর টেকসই ও জলবায়ু সহনশীল ব্যবস্থাপনা দেশ ও জনগণের জন্য প্রচুর অর্থনৈতিক সুবিধা বয়ে আনবে। বিশ্ব ব্যাংক নদী তীরবর্তী এলাকাগুলো রক্ষা এবং নৌ চলাচলের পথ উন্নয়নে বহু-পর্যায়ভিত্তিক কর্মসূচির বিকাশ ও বাস্তবায়নে বাংলাদেশকে সহায়তা করছে। আমরা আমাদের বহুপক্ষীয় ও দ্বিপক্ষীয় উন্নয়ন অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাব।”
বাংলাদেশে প্রথমবারের মত এই প্রকল্পের মাধ্যমে নদী কাঠামোর উন্নয়ন এবং যমুনার ফুলছড়ি, গাইবান্ধা ও কালিহাতী চ্যানেলে নৌ চলাচলে নাব্যতার উন্নয়ন ঘটানো হবে। সংস্কার হলে এই চ্যানেলের মাধ্যমে নিরাপদে ও সস্তায় বাসের বদলে ফেরিতে চলাচলের মাধ্যমে প্রায় ১ লাখ মানুষ উপকৃত হবে।
এছাড়া যমুনা তীরবর্তী বাসিন্দাদের দুর্যোগ ও বাস্তুচ্যুতির ঝুঁকি মোকাবেলায় এই অর্থ ব্যয় হবে। ১২ লাখ মানুষকে বীমার আওতায় আনা হবে, যাদের এক তৃতীয়াংশ হবেন নারী। বীমা কর্মসূচি চালু হবে ডিজিটাল মাধ্যমে পেমেন্ট পাবেন উপকারভোগীরা। কমিউনিটির সুরক্ষা ফান্ড থেকে উপকার পাবে ১ লাখ ২০ হাজার মানুষ।
Posted ১:১০ পিএম | মঙ্গলবার, ২৩ জানুয়ারি ২০২৪
bankbimarkhobor.com | Mr. Islam