শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আজ প্রথম দেখলাম— মেট্রোরেলও সিগন্যালে আটকে ছিল

জাতীয় ডেস্ক   |   রবিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   74 বার পঠিত

আজ প্রথম দেখলাম— মেট্রোরেলও সিগন্যালে আটকে ছিল

সংগৃহীত ছবি

উত্তরা স্টেশন থেকে উঠেছি, যাব মতিঝিল। সব ঠিকঠাকই ছিল। কিন্তু পল্লবী আসতেই হঠাৎ করে ট্রেনের ভেতরের আলো কমে আসে। পরে কাজীপাড়ার একটু আগে ট্রেন বন্ধ হয়ে যায়। আমরা বুঝতে পারছিলাম না যে কি হয়েছে, অনেকে আবার ভয় পাচ্ছিলেন। এভাবে প্রায় ঘণ্টা দুয়েক অতিবাহিতের পর ট্রেন ফের চলা শুরু করে।

এভাবেই কথাগুলো বলছিলেন মেট্রোরেল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়া যাত্রী মোজাফফর হোসেইন।

মতিঝিল যাওয়ার জন্য উত্তরা উত্তর থেকে মেট্রোতে উঠেছিলেন বেসরকারি এ চাকরিজীবী। কিন্তু পথিমধ্যে দুপুর আড়াইটার দিকে কারিগরি জটিলতায় ট্রেনে আটকা পড়েন তিনি। প্রায় দুই ঘণ্টার ভোগান্তি শেষে মতিঝিল না গিয়ে সচিবালয় স্টেশনে নেমে এ প্রতিবেদকের কাছে এমন অভিব্যক্তি প্রকাশ করেন।

রোববার দুপুর প্রায় আড়াইটার দিকে হঠাৎ করেই বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল। পরে কর্তৃপক্ষ জানায়— ওভারহেড ক্যাটেনারি সিস্টেমে (ট্রেন চলাচলের ওপরের বৈদ্যুতিক লাইন) বিদ্যুৎ সরবরাহ জিরো হয়ে যাওয়ায় উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ ছিল।

সচিবালয় স্টেশনে যাত্রী প্রবেশ বন্ধ

মেট্রোর এমন পরিস্থিতিতে ভোগান্তিতে পড়েন অসংখ্য যাত্রী। ট্রেনের ভেতরে থাকা যাত্রী থেকে শুরু করে স্টেশনে অপেক্ষমাণ সবাই ছিলেন ধোঁয়াশার মধ্যে। এর মধ্যে অনেককেই সামাজিক মাধ্যমে ক্ষোভ ঝাড়তে দেখা যায়। এছাড়া অনেকে গন্তব্যে নেমে নিজ নিজ ভোগান্তির কথা জানান।

সাগর মাহমুদ নামের এক যাত্রী বলেন, ট্রেনের টিকিট কাটা ছিল। দ্রুত মতিঝিল পৌঁছাতে পারব বলে মেট্রোতে উঠি। কিন্তু এমন বিপাকের কারণে একটা মিটিং মিস করতে হলো।

আরেক যাত্রী মাহমুদুল হাসান বলেন, আজ প্রথম দেখলাম— মেট্রোরেলও ট্রাফিক সিগন্যালের মতো আটকে ছিল। কী হয়েছে, বুঝতে পারছি না। দীর্ঘক্ষণ ভেতরে বসে ছিলাম। প্রায় দুই ঘন্টার মতো, কিছুই বুঝতে পারিনি।

মতিঝিল স্টেশনে অপেক্ষমাণ যাত্রী জাহিদুল ইসলাম বলেন, স্টেশনে এসে লাইন ধরে টিকিট কেটে দেখি যে ট্রেন নেই। ভাবলাম হয়ত চলে আসবে, কিন্তু এই অপেক্ষার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় এক ঘণ্টায়। এরকম হবে জানলে তো আজ আর মেট্রো স্টেশনে ঢুকতামই না।

যে কারণে দুই ঘণ্টা বন্ধ মেট্রোরেল

এ প্রসঙ্গে এমআরটি লাইন-৬ এর দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, দুপুর ২টা ২৫ মিনিটে হঠাৎ করেই মেট্রো ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে খোঁজ নিয়ে জানা গেছে— পল্লবী সেকশনে ওভারহেড ক্যাটেনারি সিস্টেমে (ওসিএস) ভোল্টেজ জিরো হয়ে গিয়েছিল। আমাদের কর্মকতারা দীর্ঘসময় চেষ্টা করে বিষয়টি সমাধান করেছেন। অবশেষে ১ ঘণ্টা ৫০ মিনিট পর বিকেল ৪টা ১৫ মিনিটে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে।

এদিকে ট্রেন চলাচল বন্ধ থাকায় অনেক স্টেশন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ফলে নতুন করে যাত্রীরা স্টেশনে প্রবেশ করতে পারেননি। তবে আগে যারা স্টেশনে ঢুকেছিলেন তারা ভেতরে অবস্থান করেন।

Facebook Comments Box
advertisement

Posted ১:০৮ অপরাহ্ণ | রবিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com