| মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫ | প্রিন্ট | 92 বার পঠিত
প্রথম দিনই মোহামেডান ও আবাহনীর হার
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) সোমবার শুরু হয়েছে ২০২৪-২৫ আসর। প্রথম দিন হারের স্বাদ পেয়েছে দেশের দুই ঐতিহ্যবহুল ক্লাব মোহামেডান ও আবাহনী। বিকেএসপিতে অনুষ্ঠিত ম্যাচে মোহামেডানকে ১০৭ রানে হারিয়েছে নবাগত গুলশান ক্রিকেট ক্লাব। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আবাহনীকে ৬ উইকেটে হারিয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। বিকেএসপিতে আরেক ম্যাচে রূপগঞ্জ টাইগার ক্রিকেট ক্লাবকে ৩ উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
বিকেএসপির ৩ নম্বর মাঠে দুই তামিমের লড়াইয়ে জিতেছেন জুনিয়র তামিম। গুলশান ক্রিকেট ক্লাবের অধিনায়ক আজিজুল হাকিম তামিম, আর মোহামেডানকে নেতৃত্ব দেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এ ম্যাচে ইফতিখার হোসেন ইফতির সেঞ্চুরিতে ৮ উইকেটে ২৯৮ রানের স্কোর গড়ে গুলশান ক্রিকেট ক্লাব। জবাব দিতে নেমে মোহামেডান ১৯১ রানে গুটিয়ে যায়। ইফতি ১১০ বলে ১০৮ ও জাওয়াদ আবরার ৮৬ বলে ৭৫ রান করেন। আবু হায়দার রনি ৬৬ রানে ৪ উইকেট নেন। ২৯৯ রান তাড়া করতে নেমে তারকাখচিত মোহামেডান ৪০.২ ওভারে ১৯১ রানে অলআউট। আরিফুল ইসলাম সর্বোচ্চ ৭৩ রান করেন। ব্যাট হাতে সেঞ্চুরি করা ইফতি বল হাতেও তারকা। ৩২ রানে ৩ উইকেট নেন তিনি। এছাড়া আজিজুল হাকিম ও মোহাম্মদ ইলিয়াস নেন ২টি করে উইকেট।
মিরপুরে আগে ব্যাটিং করতে নেমে মোসাদ্দেক হোসেন সৈকত ও পারভেজ হোসেন ইমনের ফিফটিতে ২৩৪ রান তুলে অলআউট হয়ে যায় আবাহনী। মোসাদ্দেক ৬৫ বলে ৭৩ ও ইমন ৭৪ বলে ৫০ রান করেন। এছাড়া মুমিনুল হক ২৭ ও নাজমুল হোসেন ২০ রান করেন। অগ্রণী ব্যাংকের শহীদুল ইসলাম ৪৪ রানে ৪টি উইকেট নেন। এছাড়া শুভাগত হোম ও রুবেল মিয়া ২টি করে উইকেট নেন।
অগ্রণী ব্যাংক ৪৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। অধিনায়ক ইমরুল কায়েস ৬ রানের জন্য সেঞ্চুরি মিস করেন। ৯৪ বলে ৯৪ রান করেন তিনি। এছাড়া সাদমান ইসলাম ৪৬, অমিত হাসান ৪৪ ও ইমরানুজ্জামান ৩৫ রান করেন।
বিকেএসপির ৪ নম্বর মাঠে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব আগে ব্যাটিংয়ে নেমে ২১৬ রানে অলআউট হয়ে যায়। আব্দুল মজিদ ৫৩ ও তানভীর হায়দার ৪৭ রান করেন। ৩টি করে উইকেট নেন আরাফাত সানী ও নাহিদুল ইসলাম। রান তাড়া করতে নেমে প্রাইম ব্যাংক ৭ উইকেট হারালেও শামীম হোসেন পাটোয়ারীর ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ৩২.৪ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। শামীম ৮৩ বলে ৯৮ রান করেন। এছাড়া শাহাদাত হোসেন দিপু করেন ৩৯ বলে ৫৪ রান। হুসনা হাবীব মেহেদী নেন ২টি উইকেট।
Posted ৪:৩২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam