| বুধবার, ২০ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 93 বার পঠিত
ম্যাথু পেরির হত্যা মামলা: দোষ স্বীকার করবেন ‘কেটামিন কুইন’
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দ্বৈত নাগরিক জাসভিন সাংঘা। তিনি কেটামিন কুইন নামে পরিচিত। ‘ফ্রেন্ডস’ তারকা ম্যাথু পেরির অতিরিক্ত মাত্রার ওষুধ গ্রহণে মৃত্যুর ঘটনায় দোষ স্বীকারে রাজি হয়েছেন।
৪২ বছর বয়সী সাংঘা পাঁচটি অভিযোগে দোষ স্বীকার করবেন। এর মধ্যে একটি হলো এমনভাবে কেটামিন সরবরাহ করা যা একজনের মৃত্যুর কারণ হয়েছে। আরেকটি হলো মাদক সম্পৃক্ত স্থান পরিচালনার অভিযোগ। কয়েক মাসের মধ্যে রায় ঘোষণায় কমপক্ষে ১১ বছর কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন কেটামিন কুইন।
অভিনেতা ম্যাথু পেরিকে অক্টোবর ২০২৩ সালে তার বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। পেরির মৃত্যুর সঙ্গে সংশ্লিষ্ট মামলায় সাংঘা হলেন পঞ্চম ও শেষ অভিযুক্ত যিনি দোষ স্বীকার করলেন।
২০২৪ সালের আগস্ট থেকে ফেডারেল হেফাজতে রয়েছেন সাংঘা এবং ২৩ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলেসে তার বিচার শুরু হওয়ার কথা ছিল।
পেরির চিকিৎসক সালভাদর প্লাসেনসিয়া জুনে স্বীকার করেছেন যে তিনি পেরিকে কেটামিন সরবরাহ করেছিলেন, তবে সেটি প্রাণঘাতী ডোজ ছিল না। বাকি তিন অভিযুক্ত এরিক ফ্লেমিং, কেনেথ ইওয়ামাসা ও মার্ক চ্যাভেজ এর আগে কেটামিন সরবরাহে ষড়যন্ত্রের অভিযোগ স্বীকার করেছেন। মামলার আইনজীবীদের মতে, সাংঘা ও ফ্লেমিং মিলে ইওয়ামাসাকে (পেরির সহকারী) পেরির মৃত্যুর ঠিক আগে কেটামিনের ৫১টি ভায়াল (শিশি) সরবরাহ করেছিলেন। এরপর ইওয়ামাসা পেরিকে ইনজেকশন দেন, যা তার মৃত্যুর কারণ হয়। পেরির মৃত্যুর খবর জানার পর সাংঘা নাকি প্রমাণ লোপাটের চেষ্টা করেন এবং ফ্লেমিংকে বলেন, ‘আমাদের আদান-প্রদান করা সব বার্তা মুছে দাও।’
২০২৪ সালের মার্চে ফেডারেল কর্তৃপক্ষ সাংঘার নর্থ হলিউডের বাড়িতে অভিযান চালিয়ে ৭৯টি তরল কেটামিনের শিশি উদ্ধার করে। এছাড়া তারা এমডিএমএ ট্যাবলেট, নকল জ্যানাক্স বড়িসহ অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করে, যা তার দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উল্লেখ রয়েছে।
Posted ৪:৪৮ পূর্বাহ্ণ | বুধবার, ২০ আগস্ট ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam