| সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 123 বার পঠিত
নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ২০০৭ সালে নির্মাণ করেন ধারাবাহিক নাটক ‘৪২০’। চ্যানেল আইতে প্রচারের পর ব্যাপক জনপ্রিয়তা পায় সে নাটক। ‘৪২০’ এর ডাবলআপ ‘৮৪০’ সিনেমাটি হলে মুক্তির পর ভালোই সাড়া ফেলছিল। এবার এটি আসছে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে।
‘৮৪০’-এর পোস্টারে জানানো হয়েছে, আজ থেকে আইস্ক্রিনে দেখা যাবে মোস্তফা সরয়ার ফারুকীর সিরিজটি। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। এছাড়া অভিনয় করেছেন মারজুক রাসেল, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মম, শাহরিয়ার নাজিম জয়, জায়েদ খান এবং রাজশাহী ও নওগাঁর স্থানীয় অভিনয়শিল্পীরা।
অভিনেত্রী জাকিয়া বারী মম বলেন, ‘৮৪০’ ওটিটিতে মুক্তি পেতে যাচ্ছে শুনেছি। কাজটি আরো দর্শকের কাছে পৌঁছাবে। অসাধারণ গল্পের কাজটি দর্শকের ভালো লাগবে। আশা করছি, প্রেক্ষাগৃহের মতো ওটিটিতেও সাড়া পাব।’
সিনেমাটি প্রযোজনা করেছেন নুসরাত ইমরোজ তিশা, সঙ্গে আছে ইমপ্রেস টেলিফিল্ম। চিত্রগ্রহণ করেছেন শেখ রাজিবুল ইসলাম, সংগীত পরিচালনায় ছিলেন পাভেল আরিন এবং সাউন্ড ডিজাইনার রিপন নাথ। সম্পাদনায় ছিলেন তাহসিন মাহিম এবং শিল্প পরিকল্পনা করেছেন ইব্রাহিম এইচ বাবু।
নির্মাতা ফারুকী বলেন, ‘ট্রেলার দেখে দর্শক যেমন বুঝতে পারছেন বিগত সরকারের আমলে বাংলাদেশ কেমন ছিল, সেটা একটি জেলা শহরের মাধ্যমে দেখাতে চেয়েছি। এটাকে বলা যায়, আওয়ামী দুঃশাসনের এক্স-রে রিপোর্ট।’ এছাড়া ফেসবুক পোস্টে তিনি লিখেছিলেন, ‘বহুদিন পর পলিটিক্যাল স্যাটায়ার বানালাম। হলের মধ্যে বারবার হাসির রোল শুনে খুব আনন্দিত হয়েছি।’
Posted ১০:১৯ পূর্বাহ্ণ | সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam