| মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 118 বার পঠিত
খেলোয়াড়দের হাত মেলানো ইস্যুতে এশিয়া কাপ থেকে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের অপসারণ দাবি করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই আবেদন অবশ্য প্রত্যাখ্যান করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-আইসিসি। ক্রিকবাজের খবর অনুযায়ী, খুব সম্ভবত আইসিসি গত রাতে পিসিবিকে তাদের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে। এর আগে, পাকিস্তানি গণমাধ্যমের সূত্রে জানিয়েছিল, ম্যাচ রেফারিকে টুর্নামেন্ট থেকে বাদ না দিলে এশিয়া কাপই বর্জন করতে পারে পাকিস্তান।
তাই এখন ক্রিকেট মহলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সামাজিক মাধ্যমে চলছে আলোচনা। অনেকেই বলছেন তাইলে কি এবারের এশিয়া কাপ বর্জন করছে পাকিস্তান?
আইসিসির পক্ষ থেকে পাঠানো এক চিঠিতে স্পষ্ট করে বলা হয়েছে যে, গত রোববার দুবাইয়ে ভারত-পাকিস্তান ম্যাচের হাত মেলানো বিতর্কে ম্যাচ রেফারির কোনো ভূমিকা ছিল না। পিসিবি অভিযোগ করেছিল, টসের সময় পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগাকে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে হাত মেলাতে নিষেধ করেন পাইক্রফট। যে কারণে ম্যাচ রেফারির নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলা হয়। তবে আইসিসি যুক্তি দেখিয়েছে, পাইক্রফট কেবল এসিবি কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া বার্তা সালমানকে জানিয়েছিলেন। এর মাধ্যমে পাকিস্তান দল যে অভিযোগ করেছে, ম্যাচ রেফারি ভারতীয় দলের পক্ষে কাজ করছিলেন, তা খারিজ করে দিয়েছে আইসিসি।
এ বিষয়ে যোগাযোগ করা হলে, আইসিসির কাছ থেকে কোনো চিঠি পাওয়ার কথা অস্বীকার করেছে পিসিবি।
এ ঘটনায় বুধবারের পাকিস্তান-আরব আমিরাত ম্যাচটি নতুন করে আলোচনায় এসেছে। ৬৯ বছর বয়সী জিম্বাবুইয়ান এই রেফারি এই ম্যাচের জন্য মনোনীত ছিলেন। শেষ পর্যন্ত পাইক্রফট যদি ম্যাচ অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালন করেন, তাহলে তারা মাঠে নামবে না বলে প্রকাশ্যে জানিয়েছে পিসিবি।
‘এ’ গ্রুপে রোববার ভারতের কাছে হেরেছে পাকিস্তান। এর আগে প্রথম ম্যাচে তারা ওমানকে হারায়।
Posted ১০:৪৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam