| বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 116 বার পঠিত
এশিয়া কাপের চলতি আসরে পাকিস্তান জাতীয় দল খেলা চালিয়ে যাবে কিনা তা নিয়ে আজ (১৭ সেপ্টেম্বর) চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভারত-পাকিস্তান ম্যাচে হ্যান্ডশেক বিতর্কের পর থেকে পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে।
পিসিবির মুখপাত্র আমির সম্প্রতি জানিয়েছেন, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। তিনি বলেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। পাকিস্তানের স্বার্থকে সর্বাগ্রে রেখেই সিদ্ধান্ত নেয়া হবে।
ভারতের বিপক্ষে ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের হ্যান্ডশেক না করাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। পিসিবি অভিযোগ করে যে, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগাকে ম্যাচের আগে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে হাত মেলাতে নিষেধ করেছিলেন।
জানা গেছে, পিসিবি একটি সম্মানজনক সমাধানের চেষ্টা করছে, যাতে পাইক্রফট তাদের ম্যাচে দায়িত্ব পালন না করেন। পাইক্রফট তাদের পরবর্তী ম্যাচগুলোর দায়িত্বে থাকলে এশিয়া কাপ থেকে সরে যাওয়ার হুমকি দিয়েছিল পিসিবি।
তবে পাকিস্তান পাইক্রফটকে সরানোর দাবি করলেও, আইসিসি তা খারিজ করে দিয়েছে। ফলে বুধবারের ম্যাচেও তিনি রেফারির দায়িত্বে থাকবেন বলে জানানো হয়েছে।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছেও অভিযোগ জমা দিয়েছে পাকিস্তান। তবে এখনো সমাধান আসেনি। পাকিস্তান টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালে প্রায় ১৬ মিলিয়ন ডলারের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে দলটি।
আগামী ম্যাচে পাকিস্তান স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে হারাতে পারলে আগামী রোববার আবারো তারা ভারতের মুখোমুখি হবে।
Posted ৮:০৫ পূর্বাহ্ণ | বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam