| রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 90 বার পঠিত
সংযুক্ত আরব আমিরাতে ১৭তম এশিয়া কাপ টি-টোয়েন্টিতে সুপার ফোর পর্বে শুভসূচনা করেছে বাংলাদেশ। গত বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে শ্রীলংকার জয়ে সুপার ফোরে খেলার টিকিট নিশ্চিত হয় বাংলাদেশের। লংকানদের সাহায্য নিয়ে সুপার ফোরে ওঠা টাইগাররা এবার তাদেরই হারিয়ে দিল! গতকাল রাতে দুবাইয়ে সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলংকার ছুড়ে দেয়া ১৬৯ রান তাড়া করতে নেমে ১ বল বাকি থাকতে ৪ উইকেটের জয় তুলে নিয়েছে লিটন দাসের দল। সাইফ হাসান ও তাওহীদ হৃদয়ের দুর্দান্ত ফিফটিতে জয় পেয়েছে বাংলাদেশ।
এ জয়ে প্রতিশোধও নেয়া হলো বাংলাদেশের। গ্রুপ পর্বে শ্রীলংকা ৬ উইকেটে হারিয়েছিল লিটনদের। ২০ ওভারের ফরম্যাটে জয়-পরাজয়ের ব্যবধানও কমল দুই দলের। ২২ বারের মোকাবেলায় এটা টাইগারদের নবম জয়, সিংহলিজরা জিতেছে ১৩ বার।
দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে গতকাল রাতে সুপার ফোরের প্রথম ম্যাচে জমজমাট লড়াই শেষে ১ বল বাকি থাকতে জয় তুলে নেয় বাংলাদেশ। পারভেজ হোসেন ইমনের জায়গায় একাদশে আসা সাইফ হাসান আগের ম্যাচে ৩০ রান করার পর গতকাল খেলেন ৪৫ বলে ৬১ রানের ক্ল্যাসিক ইনিংস। দুটি চার ও চারটি ছক্কায় সাজান ইনিংসটি। টি-টোয়েন্টিতে এটা তার দ্বিতীয় ফিফটি। প্রথমটি অবশ্য এশিয়ান গেমসে করা। হৃদয় ৩৭ বলে ৫৮ রান করেন। প্রায় এক বছর পর টি-টোয়েন্টিতে ফিফটি পেলেন তিনি। এটা তার চতুর্থ টি-টোয়েন্টি ফিফটি। চার বাউন্ডারি ও দুই ছক্কা মারেন হৃদয়।
Posted ৭:০১ পূর্বাহ্ণ | রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam