| সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 90 বার পঠিত
মেজর লিগ সকারে আবারো জাদু দেখালেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে শনিবার রাতে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ৪-০ গোলের বিশাল জয় এনে দিলেন তিনি। এই জয়ে জোড়া গোলের পাশাপাশি জর্ডি আলবাকে দিয়ে একটি গোলও করিয়েছেন।
এক রাত আগেই মায়ামিতে অনুষ্ঠিত ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার প্রীতি ম্যাচে খেলেননি মেসি। জাতীয় দল এক্সপেরিমেন্টের দিকে মনোযোগ দেয়ায় ক্লাবকে বেছে নিয়ে মাঠে নামেন মেসি। এবং ইস্টার্ন কনফারেন্সে ইন্টার মায়ামির অন্তত তৃতীয় স্থান নিশ্চিত করতে সাহায্য করেন। ১৮ জয়, ৭ পরাজয় এবং ৮ ড্র–এর পর ইন্টার মিয়ামির পয়েন্ট এখন ৬২। এফসি সিনসিনাটিকে টপকে দ্বিতীয় স্থানে যাওয়ার সুযোগও রয়েছে মায়ামির সামনে।
মেসির প্রথম গোলটি আসে খেলার ৩৯তম মিনিটে। বালতাসার রদ্রিগেজের ক্রস পাস নিয়ন্ত্রণে নিয়ে তিনি দূরবর্তী টপ কর্নারে বল জড়িয়ে দিয়ে গোলশূন্য অচলাবস্থা ভাঙেন। ৮৭তম মিনিটে আলবার অ্যাসিস্ট থেকে নিজের দ্বিতীয় গোলটি করে দলের জয় নিশ্চিত করেন তিনি। এর মাধ্যমে ২৬ গোল নিয়ে এমএলএস-এর সর্বোচ্চ গোলদাতা, এবং ১৮ অ্যাসিস্ট নিয়ে লিগে সর্বোচ্চ অ্যাসিস্টের তালিকায় সান দিয়েগোর অ্যান্ডার্স ড্রেয়ারের সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন মেসি।
Posted ১০:১৬ পূর্বাহ্ণ | সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam