| রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 158 বার পঠিত
টি-টোয়েন্টিতে ভয়ডরহীন বাংলাদেশ ওয়ানডেতে বিবর্ণ। টি-টোয়েন্টিতে টানা সিরিজ জিতে চললেও ওয়ানডেতে যেন উল্টোরথে। এ ফরম্যাটে টানা চারটি ওয়ানডে সিরিজে হেরে যাওয়া বাংলাদেশ দল গতকাল ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ৫০ ওভারও খেলতে পারেনি। ৪৯.৪ ওভারে ২০৭ রান তুলে অলআউট হয়ে যায় মেহেদী হাসান মিরাজের দল। নিজেদের প্রিয় ফরম্যাটে টাইগারদের এ রকম বিবর্ণ হয়ে যাওয়ার মূল কারণ টপ অর্ডারের ব্যর্থতা। আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে ৯৩ রানে অলআউট হয় বাংলাদেশ। কালও ৮ রানের মধ্যে দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকারকে হারিয়ে ফেলে স্বাগতিকরা। সেই ক্ষত আর কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। এরপর মিডল অর্ডারের চেষ্টায় কোনোমতে দুশ রান পেরোতে সমর্থ হয় দলটি। পরে বোলাররা বাংলাদেশকে জেতালেও ব্যাটিংয়ের দৈন্য দৃশ্যমান।
টপ অর্ডার ব্যাটার ও সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছেন। আবুধাবিতে তিন ম্যাচে করেছেন যথাক্রমে ২, ৭ ও ৩ রান। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে একটু উন্নতি করলেও স্ট্রাইক রেট হতাশ করবে যে কাউকেই। বামহাতি এ ব্যাটার ৬৩ বলের মোকাবেলায় করেছেন ৩২ রান, স্ট্রাইক রেট ৫০.৭৯। এর আগে গত জুলাইয়ে শ্রীলংকার মাঠে তিন ম্যাচ সিরিজে তার ব্যাট থেকে আসে ২৩, ১৪ ও শূন্য রান। অর্থাৎ সর্বশেষ ৭টি ওয়ানডে ম্যাচে তিনি করেছেন ৮১ রান। ২০২৫ সালে ৯টি ওয়ানডে ম্যাচ খেলে ফিফটি পেয়েছেন মাত্র একটি।
Posted ৯:১৯ পূর্বাহ্ণ | রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam