শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

২২ বছর পর ভারতকে হারাল বাংলাদেশ

  |   বুধবার, ১৯ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   88 বার পঠিত

২২ বছর পর ভারতকে হারাল বাংলাদেশ

ফুটবলে ভারতকে দীর্ঘ ২২ বছর পর হারের স্বাদ দিল বাংলাদেশ। ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামে গতকাল এশিয়া কাপ বাছাই পর্বের ম্যাচে প্রতিবেশী দেশটিকে ১-০ গোলে হারানোর কৃতিত্ব দেখায় স্বাগতিকরা। ম্যাচের ১১ মিনিটে রাকিব হোসেনের পাস থেকে দলের জয়সূচক গোলটি করেন শেখ মো. মোরছালিন।

এর আগে ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে সর্বশেষ ভারতকে হারিয়েছিল লাল-সবুজরা। এরপর দীর্ঘ বিরতি শেষে আবার ভারতের বিপক্ষে জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ। প্রথমার্ধে মোরছালিনের করা গোলটিকে ধরে রেখে ১-০ গোলেই এশিয়া কাপের বাছাই পর্বের ম্যাচটি জিতল হাভিয়ের কাবরেরার দল।

সৌদি আরবে ২০২৭ সালে অনুষ্ঠেয় এশিয়া কাপের বাছাই পর্বে পঞ্চম ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ। আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশও জিতল পাঁচ ম্যাচ পর। গতকালের আগে সর্বশেষ গত জুনে প্রীতি ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। গত ১৩ নভেম্বর ঢাকায় প্রীতি ম্যাচে নেপালকে হারানোর সুযোগ এলেও শেষ মুহূর্তে গোল হজম করে কাবরেরার দল। গতকাল অবশ্য তীরে এসে তরী ডোবেনি স্বাগতিক দলের।

রাকিব ও মোরছালিনের যুগলবন্দিতে ম্যাচের ১৩ মিনিটেই প্রথম গোল পেয়ে যায় বাংলাদেশ। বাম প্রান্ত দিয়ে বক্সের বাইরে থেকে রাকিবের পাঠানো নিচু ক্রসে আলতো টোকায় গোল করেন মোরছালিন। এটা দেশের জার্সিতে তার সপ্তম গোল।

আরো বড় ব্যবধানে জিততে পারত বাংলাদেশ। ৮৩ মিনিটে বল ক্লিয়ার করতে গিয়ে ভারতের এক ডিফেন্ডারের হাতের পেছনের দিকে বল লাগে। অবশ্য বাংলাদেশের খেলোয়াড়দের পেনাল্টির দাবিতে কান দেননি রেফারি। আবার হামজার দূরপাল্লার এক শট অল্পের জন্য লক্ষ্যভ্রস্ট হয়।

৩৪ মিনিটে গোলকিপার মিতুল মারমার ভুলে গোল প্রায় খেয়েই বসেছিল বাংলাদেশ। তবে ত্রাতা হয়েছেন হামজা চৌধুরী। ভারতীয় খেলোয়াড়ের ক্রস হেড করে ক্লিয়ার করেছেন।

এ ম্যাচটি ছিল কেবলই মর্যাদার লড়াই। ভারত ও বাংলাদেশ উভয় দল আগেই বিদায় নিয়েছে। এশিয়ান কাপের মূল পর্বে ওঠার কোনো সুযোগ নেই তাদের। এরপরও ভারতকে হারিয়ে উচ্ছ্বাসে ভাসছে বাংলাদেশ দল। জয় শেষে নেচে-গেয়ে আনন্দ করেন রাকিব, মোরছালিন, জামাল, হামজারা। গত ২৫ মার্চ শিলংয়ে স্বাগতিক ভারতের সঙ্গে হামজা চৌধুরীর অভিষেক ম্যাচে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। এবার জয় নিয়েই মাঠ ছাড়লেন হামজা ও তার সতীর্থরা।

পাঁচ ম্যাচ থেকে বাংলাদেশের সংগ্রহ ৫ পয়েন্ট, সমান ম্যাচে ভারতের ২ পয়েন্ট। গতকাল হংকংকে তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়ে ‘সি’ গ্রুপ থেকে এশিয়ান কাপের মূল পর্বের টিকিট পায় সিঙ্গাপুর। হংকংয়ের পয়েন্ট ৮। আগামী বছর ৩১ মার্চ সিঙ্গাপুরের মাঠে বাছাই পর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।

আগামী বছর সৌদি আরবে বসবে পরবর্তী এশিয়া কাপ ফুটবল আসর। এ আসরে অংশ নেবে মোট ২৪টি দল। দ্বিতীয় রাউন্ড থেকে ১৮টি দল মূল পর্বের টিকিট পেয়েছে। চলমান তৃতীয় রাউন্ডের ছয়টি গ্রুপের চ্যাম্পিয়ন দল যোগ দেবে তাদের সঙ্গে। ‘সি’ গ্রুপ থেকে সিঙ্গাপুর, ‘ই’ গ্রুপ থেকে লেবানন মূল পর্বে উঠে গেছে।

 

Facebook Comments Box
advertisement

Posted ৯:৫৭ পূর্বাহ্ণ | বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com