| বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 61 বার পঠিত
ডান হাতের চোটের কারণে বার্সেলোনা ওপেন থেকে নাম প্রত্যাহার করেছেন বিশ্বের দুই নম্বর টেনিস খেলোয়াড় কার্লোস আলকারাজ। বুধবার (১৫ এপ্রিল) রাতে আয়োজকরা বিষয়টি নিশ্চিত করেন। প্রথম রাউন্ডে ওটো ভার্টানেনের বিপক্ষে জয় পাওয়া ম্যাচেই তিনি এ ইনজুরিতে আক্রান্ত হন।
দ্বিতীয় রাউন্ডে চেক প্রজাতন্ত্রের টমাস মাচাকের বিপক্ষে তার মাঠে নামার কথা ছিল। তবে পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, ইনজুরিটি প্রাথমিক আশঙ্কার তুলনায় আরও গুরুতর। ফলে ভবিষ্যৎ সূচি বিবেচনায় নিয়ে তিনি বিশ্রামে যাওয়ার সিদ্ধান্ত নেন।
গত সপ্তাহে মন্টে কার্লো মাস্টার্সের ফাইনালে ইয়ানিক সিনারের কাছে পরাজিত হয়ে র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে নেমে যান আলকারাজ। ওই ম্যাচের মাত্র দুই দিন পরই কোর্টে ফিরেছিলেন এই স্প্যানিশ তারকা। চলতি মৌসুমে অস্ট্রেলিয়ান ওপেন ও কাতার ওপেন জয়ের পাশাপাশি তার জয়-পরাজয়ের পরিসংখ্যান ছিল ২২-৩।
বার্সেলোনা ওপেন থেকে সরে দাঁড়ালেও সামনে মাদ্রিদ ও রোম মাস্টার্স এবং আসন্ন ফ্রেঞ্চ ওপেনে শিরোপা ধরে রাখাই এখন তার লক্ষ্য। আলকারাজ জানিয়েছেন, দ্রুত সুস্থ হয়ে পরবর্তী টুর্নামেন্টগুলোতে পূর্ণ ফিটনেস নিয়ে ফিরতেই তিনি আপাতত বিশ্রামে যাচ্ছেন।
Posted ১০:০১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
bankbimarkhobor.com | Mr. Islam