| রবিবার, ০২ মার্চ ২০২৫ | প্রিন্ট | 86 বার পঠিত
দীর্ঘ বিরতির পর একসঙ্গে প্রসেনজিৎ-চিরঞ্জিত
অভিনয়ের দুনিয়া ছাড়েননি কেউ। তবু নানা কারণে প্রায় দুই যুগ সিনেমা করা হয়ে ওঠেনি একসঙ্গে। তবে সে অচলাবস্থা কাটতে যাচ্ছে। শিগগিরই বড় পর্দায় একসঙ্গে আসতে যাচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও চিরঞ্জিত চক্রবর্তী।
সর্বশেষ ২০০২ সালে ‘ইনক্লাব’ ছবিতে দেখা গিয়েছিল তাদের। তারপর আর কোনো সিনেমায় একসঙ্গে অভিনয় করতে দেখা যায়নি। তবে এবার দুই নায়ককে এক সিনেমায় দেখবেন দর্শক। যেখানে তাদের দেখা যাবে, তার নাম ঘোষণা অবশ্য কিছুদিন আগেই হয়ে গেছে। কাকাবাবু ফ্র্যাঞ্চাইজির নতুন সংযুক্তি ‘বিজয়গড়ের হীরে’। এ সিনেমায় বহু বছর পর পর্দায় একসঙ্গে আসছেন টলিপাড়ার দুই হিরো।
প্রায় তিন বছর পর নতুন অভিযানে কাকাবাবু। আসছে বিজয়গড়ের হীরে। কিছুদিন আগেই হয়েছে এর মহরত। যদিও সেখানে দেখা যায়নি চিরঞ্জিত চক্রবর্তীকে। তবে এসভিএফ ও হইচইয়ের গল্পের পার্বণ ১৪৩২-এ প্রযোজনা সংস্থা এ খবর ঘোষণা করে। সিনেমায় তাকে ঠিক কোন চরিত্রে দেখা যাবে তাও এখনো প্রকাশ হয়নি। তবে জানা গেছে, তার চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ। এক সময় টলিউডে বহু সফল ছবি উপহার দিয়েছেন প্রসেনজিৎ ও চিরঞ্জিত জুটি। সেগুলোর বেশির ভাগই ছিল পারিবারিক। তবে ২০০২-এর পর আর তাদের একসঙ্গে কাজ করতে দেখা যায়নি। অবশেষে গল্পের পার্বণের হাত ধরে এল এ সুখবর।
প্রসঙ্গত ২০১৩ সালে মুক্তি পায় প্রথম কাকাবাবুর অভিযান ‘মিশর রহস্য’। তারপর ২০১৭ ও ২০২২ সালে মুক্তি পায় ‘ইয়েতি অভিযান’ ও ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’। এ সিনেমাগুলোয় সন্তুর ভূমিকায় অভিনয় করেছিলেন আরিয়ান ভৌমিক। তবে তিনি এবার থাকছেন না, তার বদলে থাকছেন অর্ঘ্য বসু রায়। এ সিনেমায় কেবল সন্তু নয়, পরিচালকেরও বদল হয়েছে। এবার থেকে কাকাবাবু ফ্র্যাঞ্চাইজির কোনো সিনেমা পরিচালনা করবেন না সৃজিত মুখোপাধ্যায়, যদিও তার পরিচালনায়ই বাংলা সিনেমা জগতে দর্শক আবার নতুন করে কাকাবাবুকে পেয়েছিল। এবার সৃজিতের বদলে সিনেমা পরিচালনার দায়িত্বে রয়েছেন চন্দ্রাশিস রায়। এর আগে তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে তার প্রথম সিনেমা ‘নিরন্তর’ তৈরি করেছিলেন।
Posted ৩:৩২ পূর্বাহ্ণ | রবিবার, ০২ মার্চ ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam