| বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫ | প্রিন্ট | 68 বার পঠিত
‘আমরা চুরি করে সিনেমা নির্মাণ করতাম’
বলিউডের বিরুদ্ধে সিনেমা চুরির অভিযোগ নতুন নয়। বিশেষত আশি ও নব্বইয়ের দশকে এ প্রবণতা বেড়ে গিয়েছিল। হলিউড, দক্ষিণ ভারতীয় সিনেমার পাশাপাশি কোরিয়ান সিনেমা থেকেও গল্প নিয়ে বলিউড সিনেমা নির্মাণ করত। আরো বাজে ব্যাপার হলো তারা এ সিনেমাগুলোর কৃতিত্ব দিত না মূল সিনেমাকে। এর মধ্যে ‘দিল হ্যায় কে মানতা নেহী’, ‘সাত্তে পে সাত্তা’ ও কর্জ অন্যতম। সম্প্রতি বিষয়টি নিয়ে কথা বললেন অভিনেতা পরেশ রাওয়াল। মুনাফা ও অন্যান্য বিষয়ের কারণে এ ঘটনা ঘটত বলে তিনি জানান।
সম্প্রতি সিদ্ধার্থ কাননের সঙ্গে একটি সাক্ষাৎকার দেন পরেশ রাওয়াল। সেখানে তিনি বলেন, ‘আমার নিজেরও এমন অভিজ্ঞতা হয়েছে। অবস্থা এমন ছিল যে কোনো নির্মাতার কাছে গিয়ে সিনেমার কথা বললে একটা পুরনো ক্যাসেট ধরিয়ে দিত। তারা বলত, “এটা দেখ। তারপর এটার সঙ্গে আরেকটা গল্প মিলিয়ে দিলেই হবে।” ভালো হয়েছে এখন এসব বন্ধ হয়েছে। না হলে একটা সময় তো আমরা চুরি করে সিনেমা বানাতাম। আমরা ভালো চোর ছিলাম।’
একটা সময় নির্মাতারা মৌলিক গল্প নিয়ে কাজ করতে সাহস পেতেন না। তারা চলতি কোনো গল্প একটু বদলে সিনেমা নির্মাণ করে ফেলতেন। পরেশ বলেন, ‘আমরা বিদেশী সিনেমা থেকে গল্প চুরি করতাম। তারপর একটা সময় ওদের অফিস হতে শুরু করল আমাদের এখানে। তখন গল্প নিতে হলে ওদের পয়সা দিতে হতো। সবাই বুঝতে পারল এভাবে তো ব্যবসা কমে যাবে। এ সময় থেকে নির্মাতারা মৌলিক গল্প নিয়ে কাজ শুরু করলেন। সেগুলো ভালোও করল। সবাই বুঝতে পারল আমাদের গল্পগুলোও শক্তিশালী। আমাদের গল্পে আবেগ আছে, নাটকীয়তা আছে। সেটা বুঝতে পারার পর আর পেছনে ফিরতে হয়নি। তার আগে ছিল কেবল অলসতা আর মানসিক দৈন্য।’
আরো কিছু কারণ অবশ্য আছে। পঞ্চাশ-ষাটের দশকেও সিনেমা হলে বিদেশী সিনেমা চলত। দর্শক এসবই দেখতেন এবং এমন গল্প চাইতেন। পরিচালকরাও তাই মূল গল্প সেখান থেকে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে সিনেমা নির্মাণ করতেন।
পরেশ রাওয়াল তার দীর্ঘ ক্যারিয়ারে এসব দেখেছেন। তার বয়স এখন ৬৯ বছর। হাতে আছে বেশকিছু দারুণ সিনেমা। প্রিয়দর্শনের পরিচালনায় টাবু ও অক্ষয় কুমারের সঙ্গে অভিনয় করবেন ‘ভূত বাংলা’য়। এছাড়া আছে ‘হেরা ফেরি থ্রি’।
Posted ৪:০২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam