| রবিবার, ০৯ মার্চ ২০২৫ | প্রিন্ট | 74 বার পঠিত
‘আমার বিশ্বাস ছিল আকাশচুম্বী’
ক্যাটরিনা কাইফের ক্যারিয়ার দুই দশকজুড়ে বিস্তৃত। বর্তমানে বলিউডের শীর্ষস্থানীয় নারীদের একজন তিনি। তার পরিবার থেকে কেউ এ শিল্পের সঙ্গে সম্পৃক্ত না থাকার পরও তিনি পা রেখেছেন বলিউডে। ক্যারিয়ারের শুরুটা সহজ ছিল না বলিউডের এ তারকার। পাড়ি দিতে হয়েছে নানামুখী চাপ ও প্রতিকূলতা। তবে এ দীর্ঘ পথচলায় কখনো পরিবর্তন ঘটেনি তার বিশ্বাসের। আত্মবিশ্বাস তার জন্য নতুন কিছু নয়। এর শুরুটা তার ক্যারিয়ারের প্রথম দিন থেকেই। সম্প্রতি ভোগ ইন্ডিয়ার সঙ্গে দেয়া একটি সাক্ষাৎকারে ক্যাটরিনা কাইফ তুলে এনেছেন ক্যারিয়ারের প্রাথমিক দিনগুলোর কথা। তিনি জানান, তার ক্যারিয়ারের শুরুর দিকে তিনি ‘নিরীহ ও সরল’ ছিলেন, তবে তাও তাকে থামাতে পারেনি।
ক্যাটরিনাকে জিজ্ঞাসা করা হয় তার শুরুর দিনগুলো নিয়ে। জানতে চাওয়া হয় ছোটবেলা থেকে কোন জিনিসটা তিনি ফের শিখতে চান। ক্যাটরিনা অকপটে বলেন, ‘যখন পেছনে তাকাই, দেখি ১৮ বছর বয়সের নিজেকে। সে সময় আমি এমন বিশাল একটি ইন্ডাস্ট্রিতে পা রাখি, যেখানে আমার আগে থেকে কোনো সম্পর্ক ছিল না। আমি খুবই সরল ও নিরীহ ছিলাম। তবে আমার আত্মবিশ্বাস ছিল আকাশচুম্বী। সেই সঙ্গে আরেকটা বিষয় ছিল। সেটা হলো আমার কোনো ভয় ছিল না। আমি অনিশ্চয়তার কারণে বিভ্রান্ত ছিলাম না। ভয় ও বিচারহীনতা আমাকে মুক্তি দিয়েছিল। আমার মনে হয়, এ সাহসই আমি আমার ছোটবেলার নিজের কাছ থেকে আবার নিতে চাই।’
সাধারণত একজন মানুষ তার ছোটবেলার দিনগুলোকে সমালোচনার দৃষ্টিতে দেখে। কিন্তু ক্যাটরিনা কাইফ দৃঢ়তার সঙ্গেই জানান, তরুণ বয়সে তার আত্মবিশ্বাস অটুট ছিল। সেটা এতটাই যে আজ ২০ বছর পরও তার জন্য অনুপ্রেরণা হয়ে রয়েছে।
ক্যাটরিনা কাইফের কর্মজীবনের শুরুর দিনগুলো ছিল মডেলিং। ২০০৩ সালে ‘বুম’ চলচ্চিত্রের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে অভিষেক হয় তার। তবে তাকে ব্যাপক পরিচিতি এনে দেয় ‘নমস্তে লন্ডন’ ও ‘সিং ইজ কিং’। দীর্ঘ ক্যারিয়ারে অনেক সুপারহিট চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি। সে তালিকার মধ্যে ‘জিন্দেগী না মিলেগি দোবারা’, ‘এক থা টাইগার’, ‘ধুম ৩’, ‘টাইগার ৩’ ও ‘সূর্যবংশী’ অন্যতম। তাকে সর্বশেষ দেখা গেছে ২০২৪ সালের শুরুতে। সে সময় তিনি বিজয় সেতুপতির সঙ্গে ‘মেরি ক্রিসমাস’ চলচ্চিত্রে অভিনয় করেছেন। এছাড়া ২০২৩ সালে তিনি সালমান খানের বিপরীতে টাইগার ৩-এ জয়া চরিত্রে ফিরে আসেন। গত দুই দশক তিনি তার অভিনয় ও অধ্যবসায় দিয়ে বলিউডে স্থায়ী আসন তৈরি করে নিয়েছেন।
Posted ৪:২৬ পূর্বাহ্ণ | রবিবার, ০৯ মার্চ ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam