| মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ | প্রিন্ট | 80 বার পঠিত
পারিশ্রমিককে বড় করে দেখেন না দীপিকা
বর্তমান বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ২০০৭ সালে অভিষেক হয় তার। এরপর ক্যারিয়ারে কখনো পড়তিদশা আসেনি বললেই চলে। তবে ২০২০ সালের পর তার ক্যারিয়ার আরো ভালো হতে শুরু করে। নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে পেরিয়েছেন পথ। এখনো সিনেমায় নিজেকে প্রতিনিয়ত চ্যালেঞ্জ করেছেন এ অভিনেত্রী। এবার জানালেন পারিশ্রমিককে তিনি বড় করে দেখেন না।
বলিউডেই শুধু নয়, দক্ষিণী চলচ্চিত্রেও অভিনয় করেছেন দীপিকা। এছাড়া হলিউডেও নিজের পরিচিতি তৈরি করেছেন এরই মধ্যে। বর্তমানে তিনি নিঃসন্দেহে ভারতের অন্যতম সেরা অভিনেত্রী। পারিশ্রমিকের দিক থেকেও অভিনেত্রীদের মধ্যে তিনিই শীর্ষে। এ বিষয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিল দীপিকাকে।
সবচেয়ে বেশি পারিশ্রমিকের অধিকারী হলেও তা বড় করে তুলে ধরার প্রয়োজন নেই বলেই মনে করেন দীপিকা। তার ধারণা, আর কয়েক বছর পর বিষয়টিকে এত গুরুত্বই দেয়া হবে না। দীপিকা বলেন, ‘আমি আশা করছি, আমরা এমন একটা সময়ে পৌঁছব, যখন আর আমাদের এ নিয়ে কথাই বলতে হবে না।’
দীপিকার এ কথার মানে হলো, এমন একটা সময়ের আশা করছেন তিনি, যখন পারিশ্রমিক আর আলোচ্য বিষয় হবে না। তবে এখানে অভিনেতা ও অভিনেত্রীর পারিশ্রমিকের পার্থক্য একটা বিষয়। একটা সময় নায়ক ও নায়িকার পারিশ্রমিকে বিস্তর ফারাক থাকত। কিন্তু সে ছক তিনি নিজেই ভেঙে ফেলেছেন। তাই আজ তিনি সবচেয়ে বেশি পারিশ্রমিক পাচ্ছেন।
তবে কখনই ইঁদুর দৌড়ে বিশ্বাসী নন বলে জানান দীপিকা। প্রথম থেকেই লক্ষ্য ছিল ভালো কাজ করার। কিন্তু তার সঙ্গে যাতে মানসিক শান্তি বজায় থাকে, সেদিকে বরাবর নজর দিয়েছিলেন তিনি। অনুরাগীদের মধ্যে ইতিবাচক ছাপ ফেলতে চান বলে জানিয়েছেন অভিনেত্রী। দীপিকা বর্তমানে কন্যা দুয়া পাড়ুকোনের সঙ্গে ব্যস্ত। ফের কবে কাজে ফিরবেন, তা এখনো জানাননি তিনি।
Posted ৪:১৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam