| সোমবার, ০৭ জুলাই ২০২৫ | প্রিন্ট | 94 বার পঠিত
সাকিবকে নিল দুবাই ক্যাপিটালস
ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় ১০ জুলাই শুরু হবে গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসর। এ আসরে দল পেয়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। তাকে নিয়েছে দুবাই ক্যাপিটালস। ১৬ জুলাই রংপুর রাইডার্সের মুখোমুখি হবেন তিনি!
এ আসরের জন্য সাকিবকে দলে নিতে চেয়েছিল রংপুর রাইডার্স। কিন্তু দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর সার্বিক পরিস্থিতি বিবেচনায় তাকে দলে নেয়নি রংপুর। একই কারণে তিনি জাতীয় দলেও খেলতে পারছেন না। এ সুযোগে দুবাই ক্যাপিটালস দলভুক্ত করেছে সাকিবকে। তিনি সর্বশেষ পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন। তার সতীর্থ ছিলেন মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন। লাহোর চ্যাম্পিয়ন হয়েছে।
দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ চোটে পড়ায় সুযোগ মিলেছে সাকিবের। গতকাল দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। দুবাই ক্যাপিটালস ভারতের জিএমআর গ্রুপের মালিকানাধীন, যারা সংযুক্ত আরব আমিরাতের ইন্ট্যারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন।
১০ জুলাই জিএসএলের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের লিগ সুপার স্ম্যাশের দল সেন্ট্রাল ডিস্ট্রিকসের মুখোমুখি হবে দুবাই ক্যাপিটালস।
এটি জিএসএলের দ্বিতীয় আসর। প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল রংপুর রাইডার্স। ১০ থেকে ১৮ জুলাই গায়ানায় পাঁচ দলের এ টুর্নামেন্ট বসছে। এবারের আসরে অংশ নেবে রংপুর রাইডার্স, দুবাই ক্যাপিটালস, সেন্ট্রাল ডিস্ট্রিকস, হোবার্ট হারিকেন্স ও গায়ানা আমাজন ওয়ারিয়র্স।
Posted ৪:৫১ পূর্বাহ্ণ | সোমবার, ০৭ জুলাই ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam