| শনিবার, ২৩ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 102 বার পঠিত
প্রায় তিন বছর পর টি-টোয়েন্টি দলে সোহান
আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় এশিয়া কাপ টি-টোয়েন্টি আসর ও নেদারল্যান্ডসের বিপক্ষে আসন্ন হোম সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ দলে জায়গা করে নিয়েছেন উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান।
সোহান প্রায় তিন বছর পর টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন। সর্বশেষ ২০২২ সালের নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন তিনি। সোহানের সঙ্গে টি-টোয়েন্টি দলে ফিরেছেন ব্যাটার সাইফ হাসান। বাংলাদেশের জার্সিতে ৩১ বছর বয়সী সোহান সবশেষ খেলেছেন ২০২৩ সালের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচ। মিরপুরে সেই ম্যাচের পর ২৩ মাস ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়নি তার। সম্প্রতি রংপুর রাইডার্স ও বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্ব দিয়েছেন তিনি।
পারিবারিক কারণে নেদারল্যান্ডস সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তাকে অবশ্য এশিয়া কাপের দলেও রাখেননি নির্বাচকরা। এশিয়া কাপের দলে স্ট্যান্ডবাই হিসেবে আছেন তিনি।
৩০ আগস্ট শুরু হবে নেদারল্যান্ডস সিরিজ। তারপর ১ ও ৩ সেপ্টেম্বর হবে বাকি দুটি টি-টোয়েন্টি। ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে। গ্রুপ পর্বে লিটনদের পরের দুটি ম্যাচ ১৩ ও ১৬ সেপ্টেম্বর শ্রীলংকা ও আফগানিস্তানের বিপক্ষে।
এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজের দল স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, সাইফ উদ্দিন।
স্ট্যান্ডবাই (এশিয়া কাপের জন্য): সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, হাসান মাহমুদ।
Posted ৪:২৬ পূর্বাহ্ণ | শনিবার, ২৩ আগস্ট ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam