| শনিবার, ১১ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 51 বার পঠিত
পাকিস্তান সিরিজের আগেই বিসিবি জানিয়ে দিয়েছিল যে সাকিব আল হাসানের জন্য জাতীয় দলের দরজা খোলা রয়েছে। তবে প্রত্যাশিতভাবেই ওই সিরিজে তার খেলা হয়নি। পরবর্তীতে নিউজিল্যান্ড সিরিজেও তার দলে ফেরা হয়নি, ফলে সাকিবের অপেক্ষা আরও দীর্ঘ হলো।
সাকিব সর্বশেষ ২০২৪ সালে জাতীয় দলের হয়ে খেলেছেন। এরপর থেকে রাজনৈতিক ও আইনগত জটিলতার কারণে তিনি জাতীয় দলের বাইরে রয়েছেন, তার বিরুদ্ধে একাধিক মামলাও চলমান। জাতীয় দল থেকে ছিটকে পড়ার পর ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেও তাকে নিয়মিত দেখা যাচ্ছে না। এবারের পিএসএলে তিনি সুযোগ পাননি, আর আইপিএলের দরজা তো অনেক আগেই তার জন্য বন্ধ হয়ে গেছে।
বর্তমানে তিনি তুলনামূলক নিম্নমানের লিগে খেলছেন, এমনকি মাইনর লিগেও তাকে অংশ নিতে দেখা গেছে। এর মধ্যেই আবার তার জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এ বিষয়ে প্রধান নির্বাচক হাবিবুল বাশার বলেন, ‘আমার সাথে একবার কথা হয়েছে। আমি জিজ্ঞেস করেছিলাম সে প্রস্তুত আছে কিনা, কারণ সে যেখানে আছে সেখানে নিয়মিত ক্রিকেট হয় না এবং পর্যাপ্ত অনুশীলনের সুযোগও সীমিত। ফিটনেস নিয়ে কাজ করা সম্ভব হলেও নিয়মিত ম্যাচ খেলা হয় না। যদিও সে ক্রিকেট খেলে যাচ্ছে। এসব বিষয় নিয়েই মূলত কথা হয়েছে।’সাকিবের দলে ফেরার ক্ষেত্রে একটি শর্তও উল্লেখ করেছেন হাবিবুল বাশার। তিনি বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট খেলোয়াড়দের কাছে অনেক কিছু দাবি করে। তাই এখানে প্রস্তুতি খুব গুরুত্বপূর্ণ। সে (সাকিব) যদি প্রস্তুত থাকে এবং দীর্ঘ সময়ের জন্য খেলতে আগ্রহী হয়, তাহলে আমরা অবশ্যই তাকে বিবেচনায় রাখব।’
Posted ৯:১২ পূর্বাহ্ণ | শনিবার, ১১ এপ্রিল ২০২৬
bankbimarkhobor.com | Mr. Islam