| বুধবার, ২২ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 68 বার পঠিত
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) জেনারেল ম্যানেজার পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ওয়াসিম খান। তিনি প্রায় চার বছর ধরে এই দায়িত্বে ছিলেন।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক এই কর্মকর্তা ২০২২ সালের মে মাসে আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে জিওফ অ্যালারডাইস দায়িত্ব নেওয়ার পর জিএম পদে আসেন। এর আগে ওয়াসিম তিন বছর পিসিবির প্রধান নির্বাহী হিসেবে কাজ করছেন।
খেলোয়াড়ি জীবনে তিনি প্রথম ব্রিটিশ মুসলিম হিসেবে কাউন্টি ক্রিকেটে অংশ নেন। ১৯৯০-এর দশকের শেষদিকে ওয়ারউইকশায়ারের হয়ে খেলার পাশাপাশি সাসেক্স ও ডার্বিশায়ারের হয়েও খেলেছেন তিনি। মোট ৫৮টি প্রথম শ্রেণির ম্যাচ ও ৩০টি লিস্ট ‘এ’ ম্যাচে অংশ নেওয়া এই বাঁহাতি ব্যাটার ১৯৯৫ সালে ওয়ারউইকশায়ারের শিরোপা জয়ের মৌসুমে প্রায় ৫০ গড়ে রান করেন।
খেলা ছাড়ার পর প্রশাসনিক ভূমিকায় যুক্ত হন ওয়াসিম। লিস্টারশায়ার কাউন্টির প্রধান নির্বাহী হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। আইসিসিতে তার সময়ের বড় চ্যালেঞ্জ ছিল ব্যস্ত ক্রিকেট সূচি, যেখানে টি-টোয়েন্টি ও টি-টেন লিগের প্রসারে আন্তর্জাতিক ক্রিকেটের জায়গা সংকুচিত হচ্ছিল। তবে ২০২৩-২৭ ফিউচার ট্যুরস প্রোগ্রামে আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেন তিনি। তার মেয়াদেই প্রথমবারের মতো নারীদের জন্য আলাদা এফটিপি নির্ধারণ করা হয়।
আগামী জুনে আইসিসির দায়িত্ব ছাড়বেন ওয়াসিম, এরপর জুলাই থেকে নতুন ভূমিকায় যোগ দেবেন তিনি। গত দুই বছরে আইসিসির আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেছেন, যাদের মধ্যে রয়েছেন জিওফ অ্যালারডাইস, ইভেন্ট প্রধান ক্রিস টেটলি এবং দুর্নীতিবিরোধী ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল। টেটলির জায়গায় গৌরব সাক্সেনা এবং মার্শালের স্থলাভিষিক্ত হয়েছেন এন্ড্রু এফগ্রেভ।
Posted ৯:৫৪ পূর্বাহ্ণ | বুধবার, ২২ এপ্রিল ২০২৬
bankbimarkhobor.com | Mr. Islam