মেসার্স মোমিনা লজিস্টিক পয়েন্ট ও মেসার্স মোমিনা ডেইরি ইন্ডাস্ট্রিজের প্রোপ্রাইটার মো. সিরাজুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ওয়ান ব্যাংক পিএলসির টিপু সুলতান রোড শাখার ঋণখেলাপি মামলার আসামি। ১৬ ফেব্রুয়ারি রাজধানীর কলাবাগান থেকে তাকে গ্রেফতার করা হয়।
ওয়ান ব্যাংক সূত্রে জানা যায়, ব্যাংকটির টিপু সুলতান রোড শাখা থেকে ব্যবসা সম্প্রসারণের জন্য ঋণ গ্রহণ করেন মো. সিরাজুল ইসলাম। পরে ওই ঋণ সময়মতো পরিশোধ না করায় খেলাপি ঋণে পরিণত হয়। খেলাপি ঋণ আদায়ে ব্যাংকটি তার বিরুদ্ধে অর্থঋণ আদালত নং-৩, ঢাকায় মামলা দায়ের করে। আদালতে বিচার শেষে মামলায় রায় ও ডিক্রিপ্রাপ্ত হয় ওয়ান ব্যাংক। ওই রায় ও ডিক্রির পরিপ্রেক্ষিতে ওয়ান ব্যাংক ১০ কোটি ৪৮ লাখ ৯ হাজার ৭৫৫ টাকা পাওনা দাবি করে আদালতে অর্থজারি মামলা দায়ের করে। অর্থজারি মামলায় ওয়ান ব্যাংক গ্রাহকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন।
সিরাজুল ইসলামকে গ্রেফতার অভিযানের নেতৃত্ব দেন কলাবাগান থানার উপপুলিশ পরিদর্শক মো. শামসুল আলম সুমন। বণিক বার্তাকে তিনি বলেন, ‘আদালতের গ্রেফতারি পরোয়ানা কার্যকরে গত ১৬ ফেব্রুয়ারি রাত আনুমানিক সাড়ে ১১টায় কলাবাগান থেকে মো. সিরাজুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেলহাজতে পাঠান।’