রেকর্ড ডেটের কারণে আজ স্টক এক্সচেঞ্জে বীমা খাতের প্রতিষ্ঠান পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধ থাকবে। কোম্পানিটির পর্ষদ সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য মোট ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে এ বছরের ৭ এপ্রিল। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে পাইওনিয়ার ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৭৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ৯৭ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৪ টাকা ৬৫ পয়সায়।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ২০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৩০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল পাইওনিয়ার ইন্স্যুরেন্স। এর মধ্যে ২৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ৩৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে পাইওনিয়ার ইন্স্যুরেন্স। এর মধ্যে ২৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদের পাশাপাশি ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আগের হিসাব বছরের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় তারা। এর আগে ২০১৬, ২০১৭, ২০১৮ হিসাব বছরে ১৫ শতাংশ হারে নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। এছাড়া ২০১৫ হিসাব বছরের জন্য ১৫ শতাংশ নগদের পাশাপাশি ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।
কোম্পানিটির সর্বশেষ সার্ভিল্যান্স রেটিং দীর্ঘমেয়াদে ‘ট্রিপল এ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি ওয়ান’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২৫ জুন ২০২৪ পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড।
২০০১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত পাইওনিয়ার ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৯৭ কোটি ৮০ লাখ ১০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৩১৭ কোটি ৪২ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৯ কোটি ৭৮ লাখ ১ হাজার ৪২০। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৪৫ দশমিক ৬২ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৭ দশমিক ২৫ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে বাকি ২৭ দশমিক ১৩ শতাংশ শেয়ার রয়েছে।