| শনিবার, ০২ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 174 বার পঠিত
পুনঃবীমা চুক্তিতে পোর্টফোলিও স্থানান্তর ও উত্তোলনের শর্ত তুলে দিতে চায় এসবিসি
নন-লাইফ বীমা কোম্পানিগুলোর সঙ্গে সম্পাদিত ফায়ার সারপ্লাস ও মিসলেনিয়াস সারপ্লাস পুনঃবীমা চুক্তিতে বিদ্যমান পোর্টফোলিও স্থানান্তর (Portfolio Transfer) ও উত্তোলন (Portfolio Withdrawal) শর্ত বাতিলের প্রস্তাব দিয়েছে রাষ্ট্রায়ত্ত পুনঃবীমা কোম্পানি সাধারণ বীমা কর্পোরেশন (এসবিসি)। তবে দেশের অধিকাংশ বীমা কোম্পানি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
২০২৫-২০২৬ অর্থবছরের চুক্তি নবায়নের প্রক্রিয়ার অংশ হিসেবে এসবিসি গত ২২ মে সব নন-লাইফ বীমা কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে এক চিঠি পাঠায়। এতে জানানো হয়, “ইঞ্জিনিয়ারিং সারপ্লাস, মেরিন কার্গো সারপ্লাস ও মেরিন হাল সারপ্লাস ট্রিটিতে পোর্টফোলিও স্থানান্তর ও উত্তোলনের শর্ত নেই। অনুরূপভাবে ফায়ার ও মিসলেনিয়াস সারপ্লাস ট্রিটিতেও এ শর্ত ছাড়া কার্যক্রম পরিচালনায় আগ্রহী এসবিসি।”
চিঠিতে আরও উল্লেখ করা হয়, বিষয়টি এসবিসির ট্রিটি কমিটির বিবেচনাধীন রয়েছে এবং তিন কার্যদিবসের মধ্যে মতামত জানাতে অনুরোধ করা হয়েছে। চিঠিটি স্বাক্ষর করেন এসবিসির পুনঃবীমা বিভাগের জেনারেল ম্যানেজার এস. এম. শাহ আলম।
তবে বীমা কোম্পানিগুলোর অভিমত ভিন্ন। তারা বলছে, দীর্ঘদিন ধরে এসবিসির সঙ্গে চুক্তির আওতায় তারা চতুর্থ ত্রৈমাসিক হিসাব বিবরণীতে (4th Quarter SOA) Portfolio Withdrawal এবং প্রথম ত্রৈমাসিকে (1st Quarter SOA) Portfolio Transfer করে যথাসময়ে বিবরণী দাখিল করে আসছে, যা আন্তর্জাতিক প্রথা অনুযায়ী স্বীকৃত এবং চলমান।
একাধিক কোম্পানি জানিয়েছে, “আন্তর্জাতিক পুনঃবীমা নীতিমালার আলোকে বিদ্যমান Withdrawal ও Transfer শর্তটি বহাল রাখা জরুরি। এটি শুধু স্বচ্ছতা ও হিসাবনিকাশের জন্য নয়, বরং পুনঃবীমাকারীদের আস্থা অর্জনেও গুরুত্বপূর্ণ।” ৫০ ভাগ পুনঃবীমা বিদেশি কোম্পানিতে রয়েছে এমন কোম্পানিগুলোর কর্মকর্তারা বলছেন, তাদের চুক্তিতে শর্তটি বহাল রয়েছে । সুতরাং আন্তর্জাতিক প্রাক্টিস অনুযায়ী সাধারণ বীমা কর্পোরেশনের সঙ্গেও এই চুক্তির ধারাবাহিকতা বহাল থাকা উচিত বলে মনে করছেন তারা।
Posted ৬:১৬ পূর্বাহ্ণ | শনিবার, ০২ আগস্ট ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam