| বুধবার, ০৬ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 226 বার পঠিত
বীমা খাত উন্নয়ন প্রকল্পের জন্য প্রায় ৩ কোটি টাকার ক্রয় পরিকল্পনা
২০২৫-২৬ অর্থবছরের জন্য বাংলাদেশ বীমা খাত উন্নয়ন প্রকল্পে প্রায় ৩ কোটি টাকার পণ্য ও সেবা কেনার পরিকল্পনা চূড়ান্ত করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে রয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ৯২৫ কোটি টাকা, যার মধ্যে ৩৬২ কোটি টাকা সরকারি তহবিল থেকে এবং ৫৬২ কোটি টাকা বৈদেশিক সহায়তা থেকে আসবে। প্রকল্পের আওতায় দেশের বীমা খাতকে আধুনিকীকরণ, কারিগরি সক্ষমতা বৃদ্ধি এবং কাঠামোগত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
ক্রয় পরিকল্পনায় উল্লেখযোগ্য কয়েকটি কাজের মধ্যে রয়েছে-প্যাসেঞ্জার লিফট ও নিরাপত্তা সামগ্রী (ইলেকট্রিক ওয়ার্কস):
জাতীয় প্রতিযোগিতামূলক দরপত্রের (NCB – OTM) মাধ্যমে এ পণ্য ক্রয় করা হবে। দরপত্র আহ্বানের সম্ভাব্য সময় ৩ আগস্ট ২০২৫ এবং চূড়ান্ত কার্যাদেশ দেওয়া হবে ৩১ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে। সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৮০ লাখ টাকা।
আধুনিক ক্যাফেটেরিয়া নির্মাণ ও আসবাবপত্র স্থাপন (BIA-এর জন্য)। এ কাজেও NCB পদ্ধতি অনুসরণ করা হবে। সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ২ কোটি টাকা।দরপত্র আহ্বানের সম্ভাব্য সময় ৩ আগস্ট ২০২৫ এবং চূড়ান্ত কার্যাদেশ দেওয়া হবে ৩১ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে।
প্রকল্প বাস্তবায়নে বিশ্বব্যাংকের নির্দেশিকা অনুযায়ী পণ্য ও সেবা ক্রয়ের প্রক্রিয়া অনুসরণ করা হবে। এতে আন্তর্জাতিক দরপত্র (ICB), খোলা দরপত্র (NCB), সরাসরি ক্রয় (DPM) ইত্যাদি পদ্ধতি প্রয়োগ করা হবে বলে প্রকল্প পরিকল্পনায় উল্লেখ রয়েছে।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতির ওপর ভিত্তি করে পরিকল্পনা হালনাগাদ করা হবে এবং প্রয়োজন অনুযায়ী প্যাকেজ নাম ও সংখ্যা পরিবর্তন করা হতে পারে।
বিশ্লেষকরা বলছেন, বীমা খাতের দীর্ঘদিনের অবহেলা ও প্রযুক্তিগত পশ্চাৎপদতা কাটাতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে পরিকল্পনা বাস্তবায়নে স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত করা না গেলে কাঙ্ক্ষিত সুফল পাওয়া কঠিন হবে।
Posted ৫:০২ পূর্বাহ্ণ | বুধবার, ০৬ আগস্ট ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam