| শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 95 বার পঠিত
ব্যাংক এশিয়া পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সোহেল রেজা খালেদ হুসেইন ব্যাংকটির এক লাখ শেয়ার কিনেছেন। ৮ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেটে বিদ্যমান বাজারদরে এ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছিলেন তিনি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
২০০৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়ার অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ২৮২ কোটি ৪৯ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৮৯৮ কোটি ২৯ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১২৮ কোটি ২৪ লাখ ৯৭ হাজার ৫৪৬। এর ৫০ দশমিক ৬০ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৭ দশমিক ৯৩ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ১১ দশমিক ৪৭ শতাংশ শেয়ার রয়েছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে চলতি ২০২৫ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ব্যাংক এশিয়ার শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ২৬ পয়সা। আলোচ্য হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির ইপিএস হয়েছে ৯৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৬৮ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬ টাকা ৩৯ পয়সায়।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে ব্যাংকটি।
আলোচ্য হিসাব বছরে ব্যাংক এশিয়ার ইপিএস হয়েছে ২ টাকা ১৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৭৯ পয়সা ছিল। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৭ টাকা ২৮ পয়সায়।
ব্যাংক এশিয়ার সর্বশেষ সার্ভিল্যান্স রেটিং দীর্ঘমেয়াদে ‘ডাবল এ প্লাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি ওয়ান’।
Posted ৯:১০ পূর্বাহ্ণ | শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam