শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নতুন ব্যাংকের লাইসেন্স অনুমোদনে ‘না’ বলার সাহস থাকা জরুরি: সালেহউদ্দিন আহমেদ

  |   রবিবার, ১২ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   50 বার পঠিত

নতুন ব্যাংকের লাইসেন্স অনুমোদনে ‘না’ বলার সাহস থাকা জরুরি: সালেহউদ্দিন আহমেদ

বাংলাদেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতা নিশ্চিত করতে নতুন ব্যাংকের লাইসেন্স অনুমোদনের ক্ষেত্রে আরও কঠোর ও সতর্ক অবস্থান গ্রহণের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, আর্থিক খাতের ঝুঁকি বিবেচনায় প্রয়োজনে নতুন ব্যাংকের লাইসেন্স আবেদন সাহসের সঙ্গে প্রত্যাখ্যান করার সক্ষমতা থাকতে হবে।

শনিবার (১১ এপ্রিল) রাজধানীর গুলশানে ডিফিন ও ডিনেট আয়োজিত ‘রিস্ক কনফারেন্স অন ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. সালেহউদ্দিন আহমেদ জানান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি একাধিকবার নতুন ব্যাংকের লাইসেন্স সংক্রান্ত প্রস্তাব পেয়েছিলেন। তবে প্রতিটি ক্ষেত্রে প্রযুক্তিগত সক্ষমতা, নীতিগত কাঠামো এবং সামগ্রিক আর্থিক স্থিতিশীলতার বিষয়গুলো গভীরভাবে মূল্যায়ন করা হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে কিছু দুর্বল ব্যাংকে তারল্য সংকট ও আমানত উত্তোলনে ভোগান্তির বাস্তবতা নতুন ব্যাংকের অনুমোদন প্রক্রিয়ায় অতিরিক্ত সতর্কতার প্রয়োজনীয়তা তুলে ধরছে।

ঝুঁকি ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ব্যাংকিং খাতে শক্তিশালী কমপ্লায়েন্স সংস্কৃতি গড়ে তোলা অপরিহার্য। কোনো দেশের অর্থনীতি দুর্বল হলে তার প্রভাব শুধু ব্যাংকিং খাতেই সীমাবদ্ধ থাকে না, পুরো আর্থিক ব্যবস্থায় তা ছড়িয়ে পড়ে।

আর্থিক অন্তর্ভুক্তির প্রসঙ্গে সাবেক এই গভর্নর বলেন, ডিজিটাল আর্থিক সেবা ও প্রযুক্তিনির্ভর সমাধানের মাধ্যমে দেশের বৃহৎ জনগোষ্ঠীকে আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থার আওতায় আনা সম্ভব।

তিনি আমানতকারীদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে বলেন, উচ্চ সুদের প্রলোভনে দুর্বল ব্যাংকে অর্থ জমা রাখলে ঝুঁকি বাড়ে। ইতোমধ্যে কিছু ব্যাংক একীভূত করার উদ্যোগ নেওয়া হয়েছে, যা ব্যাংকিং খাতের স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে।

বিমা খাতের দুর্বলতা প্রসঙ্গে তিনি বলেন, অর্থনীতিতে সম্ভাবনাময় ভূমিকা থাকা সত্ত্বেও এই খাত দীর্ঘদিন ধরে আস্থার সংকটে ভুগছে এবং বিভিন্ন সময়ে অনিয়ম ও প্রতারণার অভিযোগে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ অবস্থার উন্নয়নে কার্যকর তদারকি ও স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।

তিনি আরও বলেন, ঋণ প্রদানের আগে গ্রাহকের আর্থিক সক্ষমতা ও সচেতনতা যথাযথভাবে মূল্যায়ন করা প্রয়োজন। পাশাপাশি শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামোর কার্যকর বাস্তবায়নই ব্যাংকিং খাতের টেকসই ও স্থিতিশীল বিকাশ নিশ্চিত করতে পারে।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৩৫ পূর্বাহ্ণ | রবিবার, ১২ এপ্রিল ২০২৬

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com