পুঁজিবাজারে বীমা খাতে তালিকাভুক্ত প্রগতি ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে, যার মধ্যে ২৭ শতাংশ নগদ এবং ৩ শতাংশ বোনাস শেয়ার অন্তর্ভুক্ত রয়েছে।
২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের ভিত্তিতে এই লভ্যাংশ প্রস্তাব করা হয়েছে। এর ফলে প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের বিপরীতে বিনিয়োগকারীরা ২.৭০ টাকা করে নগদ লভ্যাংশ পাবেন।
সোমবার (১৩ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ সংক্রান্ত তথ্য জানা গেছে। এর আগে রবিবার (১২ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশের সিদ্ধান্ত গৃহীত হয়।
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ১৮ জুন কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করা হবে। এছাড়া লভ্যাংশ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ মে।
আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৫.৩১ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৫.২৪ টাকা।
এ সময়ের মধ্যে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১.৪৪ টাকা, যেখানে আগের বছর একই সময়ে এ সূচক ছিল ৩.১৩ টাকা।
অন্যদিকে, সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৭.৩৬ টাকা।
এ করপোরেট ঘোষণার পর কোম্পানিটির শেয়ারের লেনদেনের ক্ষেত্রে সংশ্লিষ্ট দিনে কোনো প্রাইস লিমিট আরোপ করা হবে না বলে জানানো হয়েছে।