শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বাজারভিত্তিক রেফারেন্স রেট চালু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক

  |   বুধবার, ১৫ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   82 বার পঠিত

বাজারভিত্তিক রেফারেন্স রেট চালু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক

দেশের মানি মার্কেটে স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বাড়াতে লেনদেনভিত্তিক নতুন রেফারেন্স রেট চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সোমবার (১৩ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জানানো হয়, আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রকৃত লেনদেনের ওপর ভিত্তি করে সুদের হার নির্ধারণের আধুনিক কাঠামো গড়ে তোলাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। এর মাধ্যমে দেশের আর্থিক বাজারে একটি গ্রহণযোগ্য মানদণ্ড প্রতিষ্ঠা পাবে, যা বাজারে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে সহায়ক হবে।

বর্তমানে প্রচলিত ঢাকা ইন্টারব্যাংক অফার রেট (ডিআইবিওআর) মূলত ব্যাংকগুলোর প্রস্তাবিত সুদের হারের ওপর নির্ভরশীল। ফলে অনেক ক্ষেত্রে বাজারের বাস্তব চিত্র এতে প্রতিফলিত হয় না। এছাড়া কিছু ব্যাংকের অনিয়মিত তথ্য সরবরাহের কারণে হার নির্ধারণে সীমাবদ্ধতা তৈরি হয়। এসব দুর্বলতা কাটিয়ে উঠতেই লেনদেনভিত্তিক নতুন রেট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন ব্যবস্থার আওতায় প্রতিদিন দুই ধরনের মানি মার্কেট রেফারেন্স রেট প্রকাশ করবে বাংলাদেশ ব্যাংক। এগুলো হলো বাংলাদেশ ওভারনাইট ফাইন্যান্সিং রেট (বিওএফআর) এবং ঢাকা ওভারনাইট মানি মার্কেট রেট (ডিওএমএমআর)। এর মধ্যে বিওএফআর নির্ধারিত হবে আন্তঃব্যাংক রেপো (নিরাপদ) লেনদেনের ভিত্তিতে এবং ডিওএমএমআর নির্ধারিত হবে আনসিকিউরড আন্তঃব্যাংক লেনদেনের ওপর ভিত্তি করে।

প্রাথমিক পর্যায়ে বিওএফআর ওভারনাইট ও এক সপ্তাহ মেয়াদে প্রকাশ করা হবে। অন্যদিকে ডিওএমএমআর প্রকাশিত হবে ওভারনাইট, এক সপ্তাহ, এক মাস এবং তিন মাস মেয়াদে। প্রতিটি ক্ষেত্রে সংশ্লিষ্ট মেয়াদের লেনদেনের সুদের হার ও লেনদেনের পরিমাণ বিবেচনায় ভলিউম-ওয়েটেড গড় পদ্ধতিতে হার নির্ধারণ করা হবে।

অস্বাভাবিক বা ব্যতিক্রমধর্মী লেনদেনের প্রভাব কমাতে পরিসংখ্যানভিত্তিক পদ্ধতি প্রয়োগ করা হবে, যাতে বাজারের প্রকৃত পরিস্থিতি যথাযথভাবে প্রতিফলিত হয়। প্রতিদিন সকালে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে এসব রেট প্রকাশ করা হবে। এর ফলে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিনিয়োগকারীসহ সংশ্লিষ্ট অংশীজনরা প্রতিদিনের বাজার পরিস্থিতি সম্পর্কে নির্ভরযোগ্য সূচক পাবেন, যা বিভিন্ন আর্থিক চুক্তি, সম্পদ মূল্যায়ন এবং ঝুঁকি ব্যবস্থাপনায় ব্যবহার করা যাবে।

রেট নির্ধারণে নির্দিষ্ট পরিমাণ লেনদেনের তথ্য প্রয়োজন হবে। যদি কোনো ক্ষেত্রে প্রয়োজনীয় ন্যূনতম লেনদেন পাওয়া না যায়, তাহলে ‘রোলিং উইন্ডো’ পদ্ধতিতে পূর্ববর্তী দিনের তথ্য যুক্ত করে হার নির্ধারণ করা হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নিয়মিত তদারকি এবং বার্ষিক পর্যালোচনার মাধ্যমে এসব রেফারেন্স রেটের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করা হবে। প্রয়োজনে বাজার বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে কাঠামো ও পদ্ধতিতে পরিবর্তন আনা হবে।

আগামী ১৫ এপ্রিল ২০২৬ থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে বিওএফআর ও ডিওএমএমআর প্রকাশ শুরু হবে। কেন্দ্রীয় ব্যাংকের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের মানি মার্কেট আরও কার্যকর ও সুসংগঠিত হবে এবং নতুন আর্থিক পণ্যের বিকাশে সহায়ক ভূমিকা রাখবে। পাশাপাশি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের আর্থিক বাজারের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box
advertisement

Posted ৫:০৭ পূর্বাহ্ণ | বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com