দেশের বীমা কোম্পানিগুলোর নিবন্ধন নবায়ন ফি বৃদ্ধির সাম্প্রতিক সংশোধিত বিধিমালা বাতিলের দাবিতে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি) এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর কাছে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী তনয় কুমার সাহা জনস্বার্থে এ নোটিশ জারি করেন।
নোটিশে বলা হয়েছে, গত ৪ ফেব্রুয়ারি প্রণীত ‘বীমা ব্যবসা নিবন্ধন ফি’ সংক্রান্ত সংশোধিত বিধিমালা দ্রুত বাতিল করে ২০১৮ সালের গেজেট অনুযায়ী পূর্ববর্তী ফি কাঠামো পুনর্বহাল করতে হবে। পাশাপাশি, যেসব বীমা প্রতিষ্ঠান আগের নিয়ম মেনে ফি পরিশোধ করেছে, তাদের লাইসেন্স দ্রুত নবায়নের নির্দেশ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এতে উল্লেখ করা হয়, ২০১৮ সালের গেজেটে প্রতি হাজারে ১ টাকা হারে নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছিল, যা বীমা খাতের জন্য একটি সুষম ও গ্রহণযোগ্য ব্যবস্থা ছিল। কিন্তু ২০২৬ সালের সংশোধনীতে এই হার ব্যাপকভাবে বৃদ্ধি করা হয়েছে, যা প্রায় ১৫০ থেকে ৫০০ শতাংশ পর্যন্ত বেড়েছে এবং এটি অর্থনৈতিকভাবে অযৌক্তিক বলে দাবি করা হয়েছে।
নোটিশে আরও বলা হয়েছে, অনেক কোম্পানি ২০২৫ সালের মধ্যেই তাদের নবায়ন ফি পরিশোধ করলেও তাদের ওপর ২০২৬ সালের নতুন নিয়ম প্রয়োগ করা আইনসম্মত নয়।
এতে সতর্ক করে বলা হয়, এ ধরনের অতিরিক্ত ফি আরোপ বীমা কোম্পানিগুলোর আর্থিক সক্ষমতাকে দুর্বল করতে পারে, যার ফলে গ্রাহকরা সম্ভাব্য বোনাস থেকে বঞ্চিত হতে পারেন এবং বাজারে তারল্য সংকট দেখা দিতে পারে। পাশাপাশি, আইডিআরএ-কে নিজেদের ব্যয় নির্বাহের জন্য সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি না করে সরকারি সহায়তার ওপর নির্ভর করার পরামর্শ দেওয়া হয়েছে।
নোটিশে ৭ দিনের মধ্যে চারটি পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে। সেগুলো হলো—
১) সংশোধিত ফি কার্যকর করা সাময়িকভাবে বন্ধ রাখা,
২) পুরোনো নিয়ম অনুযায়ী লাইসেন্স নবায়ন সম্পন্ন করা,
৩) সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে পরামর্শ ও আলোচনার উদ্যোগ নেওয়া, এবং
৪) ২০১৮ সালের ফি কাঠামো পুনরায় কার্যকর রাখা।
নির্ধারিত সময়ের মধ্যে এসব দাবি বাস্তবায়ন না হলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী জনস্বার্থে হাইকোর্টে রিট আবেদন করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।