সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আয়োজনে যশোর শিল্পকলা একাডেমিতে “ক্যারিয়ার গাইড স্পেশাল ট্রেনিং” শীর্ষক একটি পেশাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।
খুলনা বিভাগের ব্রাঞ্চ ম্যানেজারদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ কর্মসূচির প্রধান লক্ষ্য ছিল দক্ষতা বৃদ্ধি, পেশাগত পরিকল্পনা উন্নয়ন এবং মাঠপর্যায়ের কার্যক্রমকে আরও সক্রিয় করা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক মোস্তফা কামরুস সোবহান। চিফ স্পিকার হিসেবে বক্তব্য রাখেন পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়েল এবং কি-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা, সহকারী ব্যবস্থাপনা পরিচালক অনুপম দাস ও এমদাদুল হক সাহিল এবং এজিএম মো. ওবায়দুর রহমান মন্ডল। এছাড়াও খুলনা অঞ্চলের ব্রাঞ্চ ম্যানেজার, ইউনিট ম্যানেজার ও ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েটগণ প্রশিক্ষণে অংশ নেন।
সকাল ৯টায় শুরু হওয়া এই প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক এমদাদুল হক সাহিল।
উল্লেখ্য, সোনালী লাইফ ইন্স্যুরেন্স বর্তমানে খুলনা বিভাগের ১৫টি শাখা কার্যালয়ের মাধ্যমে ৬২ হাজারেরও বেশি গ্রাহককে ধারাবাহিক বীমা সেবা প্রদান করছে। ২০২৬ সালের মার্চ পর্যন্ত শুধুমাত্র খুলনা বিভাগ থেকেই প্রথম বর্ষ ও নবায়ন মিলিয়ে প্রায় ১২ কোটি টাকা প্রিমিয়াম অর্জিত হয়েছে, যেখানে ২০২৫ সালে মোট প্রিমিয়াম ছিল ৪৫ কোটিরও বেশি। একই সময়ে, ২০২৬ সালের মার্চ পর্যন্ত প্রায় ৫ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করা হয়েছে এবং ২০২৫ সালে এই পরিমাণ ছিল ১৫ কোটিরও বেশি।
খুলনা বিভাগে বর্তমানে ৭,০৯৯ জন মাঠকর্মী কর্মরত আছেন, যার মধ্যে ২০২৬ সালের মার্চ পর্যন্ত নতুনভাবে নিয়োগ পেয়েছেন ২৫৭ জন বীমাকর্মী, যারা নিরবচ্ছিন্নভাবে গ্রাহকসেবা দিয়ে যাচ্ছেন।
এছাড়া, বীমা দাবি পরিশোধের ক্ষেত্রেও সোনালী লাইফ ধারাবাহিক অগ্রগতি বজায় রেখেছে—২০২৩ সালে ৪৫ কোটিরও বেশি, ২০২৪ সালে ১৫০ কোটিরও বেশি, ২০২৫ সালে ৪৩২ কোটিরও বেশি এবং ২০২৬ সালের মার্চ পর্যন্ত প্রায় ১০০ কোটি টাকা দাবি পরিশোধ করা হয়েছে। ভবিষ্যতেও এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।