একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীদের উদ্দেশে গভর্নরের বক্তব্য

অনলাইন ডেস্ক

শনিবার, ১৩ জুন ২০২৬   প্রিন্ট  

একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীদের উদ্দেশে গভর্নরের বক্তব্য

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান জানিয়েছেন, একীভূত পাঁচটি ইসলামী ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত প্রদানের বিষয়ে আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

শুক্রবার (১২ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

গভর্নর বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে যে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর একীভূত পাঁচ ইসলামী ব্যাংক সংক্রান্ত কার্যক্রম স্থগিত করেছে। বাস্তবে এ ধরনের দাবি সঠিক নয়। সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পুনর্গঠন ও পরিচালনাগত কার্যক্রমে বাংলাদেশ ব্যাংক ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

তিনি জানান, গত ২৪ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পরপরই সম্মিলিত ইসলামী ব্যাংকগুলোর চেয়ারম্যান পদত্যাগ করেন। পরবর্তীতে একজনকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দেওয়া হলেও তিনি দায়িত্ব গ্রহণে অনাগ্রহ প্রকাশ করেন। ফলে দ্রুত নতুন এমডি নিয়োগের উদ্যোগ নেওয়া হয় এবং এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। আবেদনের শেষ সময় ছিল ২৫ মার্চ।

মোস্তাকুর রহমান বলেন, আবেদনসমূহ যাচাই-বাছাই ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় লেগেছে। পরবর্তীতে নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়া হয় এবং পুরো নিয়োগ প্রক্রিয়া মে মাসে সম্পন্ন হয়। এর ধারাবাহিকতায় ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের সর্বশেষ সভা গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।

তিনি আরও বলেন, একীভূত পাঁচ ইসলামী ব্যাংককে ঘিরে বাংলাদেশ ব্যাংকের তদারকি ও সংস্কার কার্যক্রম অব্যাহত রয়েছে। আমানতকারীদের স্বার্থ সুরক্ষা এবং তাদের অর্থ ফেরতের বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে খুব শিগগিরই ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ (টুকু), জহির উদ্দিন স্বপন, ড. আ ন ম এহছানুল হক মিলন, মোহাম্মদ আমিন উর রশিদ, জোনায়েদ সাকি, মাহদী আমিন, রেহান আসিফ আসাদ, এ বি এম আব্দুস সাত্তার, ড. নাসিমুল গনি, মো. আবদুর রহমান খান এবং তানভীর গনি।

Facebook Comments Box

Posted ০৫:০১ AM | শনিবার, ১৩ জুন ২০২৬

bankbimarkhobor.com |

সম্পাদক : মোঃ ইসলাম শেখ
ঠিকানা

৮৯/এ (৪র্থ তলা), আনারকলি সুপার মার্কেট, সিদ্ধেশ্বরী, ঢাকা-১২১৭

ফোন: ০১৯১৫৩৪৪৪১৮

ই-মেইল: faroque.computer@gmail.com


#