অনলাইন ডেস্ক
শনিবার, ১৩ জুন ২০২৬ প্রিন্ট
দেশে ডিজিটাল আর্থিক সেবার বিস্তার, প্রযুক্তিনির্ভর লেনদেন ব্যবস্থার উন্নয়ন এবং গ্রাহকদের জন্য আরও সহজ, নিরাপদ ও কার্যকর সেবা নিশ্চিত করার লক্ষ্যে রূপালী ব্যাংক পিএলসি’র মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘রূপালীক্যাশ’ এবং আকিজ অনলাইন-এর মধ্যে একটি ডিস্ট্রিবিউটরশিপ চুক্তি সম্পাদিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) রাজধানীর দিলকুশায় অবস্থিত রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আকিজ অনলাইনের ব্যবস্থাপনা পরিচালক শেখ আমিন উদ্দিন বলেন, সরকারি ও বেসরকারি খাতের দুইটি সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের এই সহযোগিতামূলক উদ্যোগ দেশের ডিজিটাল অর্থনীতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, এ অংশীদারিত্ব প্রযুক্তিনির্ভর আর্থিক সেবাকে আরও বিস্তৃত করবে এবং গ্রাহকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
রূপালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম বলেন, রূপালীক্যাশ অল্প সময়ের মধ্যেই দেশের অন্যতম জনপ্রিয় ও নির্ভরযোগ্য ডিজিটাল আর্থিক সেবায় পরিণত হবে। তিনি উল্লেখ করেন, সরকারি ব্যাংকগুলোর মধ্যে পথিকৃৎ হিসেবে রূপালী ব্যাংক ২০১৬ সালে মোবাইল ব্যাংকিং কার্যক্রম চালু করে। পরবর্তীতে ২০২৫ সাল থেকে নিজস্ব প্রযুক্তিগত প্ল্যাটফর্মে ‘রূপালীক্যাশ’ ব্র্যান্ডের মাধ্যমে সেবাটি পরিচালিত হচ্ছে এবং গ্রাহকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে।
তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী সেবার মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা এবং দেশের বৃহত্তর জনগোষ্ঠীকে ডিজিটাল লেনদেন ব্যবস্থার আওতায় নিয়ে আসতে রূপালী ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আকিজ অনলাইনের সঙ্গে এই অংশীদারিত্ব সেই লক্ষ্য বাস্তবায়নে নতুন মাত্রা যোগ করবে।
অনুষ্ঠানে রূপালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার ও হাসান তানভীর, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মামুনুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, নির্বাহী এবং সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায় রূপালীক্যাশ ও আকিজ অনলাইন যৌথভাবে ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও গতিশীল, নিরাপদ এবং ব্যবহারবান্ধব করতে কাজ করবে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই সহযোগিতা দেশের ডিজিটাল আর্থিক খাতের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে এবং গ্রাহকদের জন্য উন্নত ও সহজলভ্য সেবা নিশ্চিত করবে।
Posted ০৪:৫২ AM | শনিবার, ১৩ জুন ২০২৬
bankbimarkhobor.com | Mr. Islam
৮৯/এ (৪র্থ তলা), আনারকলি সুপার মার্কেট, সিদ্ধেশ্বরী, ঢাকা-১২১৭
ফোন: ০১৯১৫৩৪৪৪১৮
ই-মেইল: faroque.computer@gmail.com